২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভিড-১৯: স্বাস্থ্য অধিদপ্তরের ‘সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ’ চালু

দেশে নতুন করে দুজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঘটার খবরের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে কভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের যাত্রা শুরু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 04:19 PM

Updated : 18 Aug 2022, 02:42 PM

এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ঠিকঠাক মানা হচ্ছে কি না, সারা দেশে আইসোলেশনে থাকা রোগীদের সবশেষ অবস্থা কেমন- সব কিছু সেখান থেকে পর্যবেক্ষণ করা হবে।

মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “যারা সংক্রামক ব্যাধি আইন ভায়োলেট করবে, দেশের মানুষকে বিপদে ফেলবে, আরও অনেককে সংক্রমিত করবে, তাদের জরিমানা করা হবে। তা আদায়ও করা হচ্ছে।

“যদি তারা বেশি অপরাধ করে, তাদের প্রয়োজনে জেলে দেওয়া হবে। আইনে সে ধরনের কথা বলা হয়েছে।”

বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের।

বাংলাদেশে মঙ্গলবার আরও দুজনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে আইইডিসিআর, তাতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে দশ জনে।  

এ মহামারী রুখতে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদেশে থেকে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

কিন্তু বিদেশ ফেরত কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনের শর্ত ঠিকভাবে পালন করছেন না জানিয়ে গত সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “অনেকেই মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে বর্ণিত আইন অনুযায়ী এবং নির্দেশিত পন্থায় যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছে। ব্যত্যয়ের ক্ষেত্রে আইনের সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।”

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারি দায়িত্ব পালনে বাধা দিলে বা নির্দেশনা না মানলে সর্বোচ্চ তিন মাসের জেল ও ৫০ হাজার টাকার শাস্তির বিধান রয়েছে। আর মিথ্যা বা ভুল তথ্য  দিলে সর্বোচ্চ ২ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড হতে পারে।

তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “পরীক্ষার জন্য আমাদের প্রয়োজনীয় কিটের মজুদ রয়েছে। প্রয়োজনে আমদানি করব। কিটের সংকট হবে না বলে আশা করি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা হচ্ছে। মাত্রই মানবদেহে ট্রায়াল করা হয়েছে। সেটা আমরা দেখছি। কার্যকরী হলে তা পরবর্তীতে দেখেশুনে ব্যবস্থা নেব।”