২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ফাহিমার জোড়া লাগানো হাতে হচ্ছে রক্ত সঞ্চালন: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিক সৈয়দা ফাহিমা বেগমের বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগিয়ে চালানো চিকিৎসায় আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 08:31 PM

Updated : 18 Aug 2022, 02:41 PM

বৃহস্পতিবার তাকে দেখে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ফাহিমার জোড়া লাগানো হাতে এখন রক্ত সঞ্চালন হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত শিক্ষক ফাহিমার চিকিৎসার খোঁজ-খবর রাখছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উইলস লিটল ফ্লাওয়ারের ১২৫ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী মঙ্গলবার চারটি মিনিবাস ও দুটি মাইক্রোবাস নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য।

বহরের একটি বাস গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা খেলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সৈয়দ ফাহিমার বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে হেলিকপ্টারে করে ওই দিন বিকালে তাকে ঢাকায় আনা হয় এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌনে সাত ঘণ্টা অস্ত্রোপচার করে তার বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো হয়।

বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে গিয়ে ফাহিমার চিকিৎসার খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি সাংবাদিকদের বলেন, “এখন হাতে রক্ত সঞ্চালন হচ্ছে এবং তিনি ভালো আছেন।”

জটিল এই অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "চিকিৎসা ক্ষেত্রে দেশ বহুগুণ এগিয়ে গেছে। কেটে যাওয়া হাত জোড়া লাগানোর মতো জটিল একটি কাজও দেশের চিকিৎসকগণ করতে পেরেছেন।  

“বাস দুর্ঘটনায় থেতলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাতও যে জোড়া লাগতে পারে, তা আজ আমাদের দেশের চিকিৎসকগণ দেখিয়ে দিলেন। এই সফলতা আমাদের সকলকেই গৌরবান্বিত করেছে।"

রোগীর জোড়া লাগানো হাতটি আগের চেয়ে উন্নতির দিকে থাকলেও ফাহিমাকে এখনই ‘শঙ্কামুক্ত’ বলতে চান না শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকে ১০ সদস্যের একটি টিম বসেছিলাম, রোগীর বিভিন্ন টেস্ট নিয়ে বিশ্লেষণ হয়েছে। আমরা এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি তা হলো, জোড়া লাগানো হাতের অবস্থা মোটামুটি ভালো আছে।”

তবে এই ধরনের মারাত্মক দুর্ঘটনার কারণে অনেক সময় রোগীর কিডনি ও ফুসফুসসহ অন্যান্য অঙ্গে জটিলতা দেখা দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, “এই জন্য আমরা এখনও রোগীকে শঙ্কামুক্ত বলতে পারছি না।”

সামন্ত লাল সেন বলেন, “ফাহিমা বেগমের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার মাধ্যমে খোঁজ-খবর রাখছেন।”

এদিকে ফাহিমার বড় ভাই সৈয়দ জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ওর (ফাহিমা) হাতের ড্রেসিং করা হয়েছে। তখন একটু ব্যথা লাগার কথা বলছিল।

“পরে ডাক্তাররা আমাদেরকে নিয়ে বসে জানালেন, রোগীর অবস্থা ভালোর দিকে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে উনারা দেখছেন। বাকিটা আল্লাহ জানেন।”

এই শিক্ষকের স্বামী সৈয়দ শফিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় জ্যেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। ঢাকার শান্তিনগর এলাকায় তাদের বাসা।  তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।

পুরনো খবর:

হতবিহ্বল শিক্ষিকা ফাহিমার সন্তান-স্বজনরা
উইলস শিক্ষকের হাত জোড়া লাগাতে ‘সফল’ অস্ত্রোপচার