করোনাভাইরাস: জয় বাংলা কনসার্টে হ্যান্ড স্যানিটাইজার
বিশ্বজুড়ে আলোচনায় থাকা করোনাভাইরাস থেকে সচেতনতা তৈরিতে জয়বাংলা কনসার্টে দর্শকের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছে আয়োজকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন সাতই মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা শনিবার এই কনসার্টের আয়োজন করেছে; এতে ১২ হাজারের বেশি দর্শক অনলাইনে নিবন্ধন করেছে।
করোনাভাইসের বিষয়টি মাথায় রেখে স্টেডিয়ামজুড়ে ১০টি বুথ খোলা হয়েছে; এতে দর্শকরা সহজেই কয়েক সেকেন্ডে বিনামূল্যে নিজেদের সুরক্ষিত রাখতে পারছে। পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
একটি বুথের দায়িত্বে থাকা কর্মী এনামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস থেকে দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি করতেই আমাদের এই বুথগুলো রাখা হয়েছে। সকাল থেকে দর্শক সমাগত বাড়ার সঙ্গে সঙ্গে বুথে ভিড়ও বাড়ছে।ভাইরাসটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে মানুষ এখন অনেক সচেতন হয়েছে।”
কনসার্ট স্থাপিত মেডিক্যাল সেন্টারের দায়িত্বে থাকা ডা. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের মেডিক্যাল সেন্টারেও হ্যান্ড স্যানিটাইজার রেখেছি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডেই হাতের জীবাণু ধ্বংস করা যায়।”
পাশাপাশি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে; জরুরি প্রয়োজনে রোগীকে পার্শ্ববর্তী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য একাধিক অ্যাম্বুলেন্স থাকার কথাও জানিয়েছেন আনিসুর রহমান।
