২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সঙ্গীতে শুরু জয় বাংলা কনসার্ট

একাত্তরের রণাঙ্গনে বাংলার দামাল ছেলেদের অনুপ্রেরণা যুগিয়েছিলে যে গানগুলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই কালজয়ী গানগুলো নিয়ে শুরু হয়েছে জয় বাংলা কনসার্ট।

গ্লিটজ প্রতিবেদক

সাঈমুম সাদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 02:13 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণের দিন ঐতিহাসিক ৭ মার্চে ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে এই কনসার্ট আয়োজিত হচ্ছে গত ছয় বছর ধরে।

তার ষষ্ঠ আয়োজন শনিবার শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। স্টেডিয়ামে আসা হাজারো তরুণ বুকে হাত রেখে কণ্ঠ মেলান জাতীয় সঙ্গীতে।  

এরপর বাজানো হয় স্বাধীনতার চেতনা বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গান ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গানটি।

এই গানের মধ্যেই শোনানো হয় বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের একাংশ- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

প্রথমে মঞ্চে আসে তরুণ ব্যান্ডদল ইনট্রোয়িট । তারা প্রথমে শোনায় লালন সাঁইয়ের গান ‘সহজ মানুষ ভজে দেখ না রে মন’।

এদিন বেলা ১টার দিকে কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় শুরু করা যায়নি সময়ানুযায়ী। কনসার্ট আয়োজকদের পক্ষ থেকে বারবার দুঃখ প্রকাশ করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, মঞ্চে এদিন আরও পারফর্ম করবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঁচ ব্যান্ড দল। তাদের পর একে একে মঞ্চ মাতাবে এফ মাইনর, মিনার, মিনার রহমান, এভোয়েড রাফা, শূন্য, ভাইকিং, লালন, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড ও চিরকুট।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে এবারের জয় বাংলা কনসার্টে যোগ হয়েছে নতুন মাত্রা। ঠিক ১০ দিন পর ঢাকায় শুরু হবে মুজিববর্ষের মূল আনুষ্ঠানিকতা।

জয় বাংলা কনসার্টের আয়োজকরা জানিয়েছেন, ব্যান্ড দলগুলোর গানের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ঐতিহাসিক উক্তি দিয়ে সাজানো হয়েছে পুরো কনসার্ট।

বেলা সাড়ে ১১টায় খুলে দেওয়া হয় স্টেডিয়ামের ৯টি গেইট। প্রবেশপথে অনলাইনে কাটা টিকিটের বারকোড স্ক্যান করার পর দর্শকরা প্রবেশ করতে পারেন ভেন্যুতে। 

মোবাইল ফোন, মানিব্যাগ, ছোট হাতব্যাগ ছাড়া অন্য আর কিছু নিয়ে দর্শকরা ভেতরে প্রবেশ করতে পারবেন না বলে জানান আয়োজকরা।

ভেন্যুর নিরাপত্তায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

গান শুনতে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন,“আমি প্রতিবার জয় বাংলা কনসার্টে আসি। এবার নিরাপত্তার একটু কড়াকড়ি হয়েছে। তবে ব্যাপারটা ভালোই হয়েছে। ”

নগরজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে স্টেডিয়ামের এক কোণে স্যাভলনের স্টলে রয়েছে হাত ধোয়ার বন্দোবস্ত। সেই স্টলের এক কর্মী জানান, কনসার্টে গান শুনতে আসা দর্শকরা বিনামূল্যে হাত ধুতে পারবেন তাদের স্টলে এসে।

সিআরআইর ট্রাস্টি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন,  এদিন সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে প্রদর্শন হবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন। ঐতিহাসিক সে ভাষণের ২৩টি বাক্য বাছাই করে নির্মিত হয়েছে এই প্রজেকশন।

সিআরআই ট্রাস্টি নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, “এই কনসার্টের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চেতনা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজ যখন কনসার্টের মাঝে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হবে, তখন এই হাজার হাজার তরুণ তাতে গলা মিলাবে। আমরা এই তরুণদের সাথেই সংযোগ স্থাপন করতে চাই “

রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট।

গত আসরে এই কনসার্ট টেলিভিশন ও অনলাইনে সরাসরি দেখেছেন ১০ লাখের বেশি মানুষ। আর সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে কনসার্ট সরাসরি দেখা যাচ্ছে।