২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলবেঁধে জয় বাংলা কনসার্টে

ঐতিহাসিক সাতই মার্চের জয় বাংলা কনসার্টের উচ্ছ্বাস-আনন্দে অনেকে উপস্থিত হয়েছেন বন্ধু আর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 03:28 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে এই কনসার্টে মেতে থাকতে দেখা যায় এসব যুবকদের।

শুধু ঢাকার বিভিন্ন এলাকা থেকে নয়, রাজধানীর বাইরের জেলা থেকেও কনসার্টে এসেছেন তরুণদের অনেকে।

এদের অনেকে এসেছেন একই ডিজাইনের পোশাকে; কনসার্টে আসা অনেকে গায়ে শোভা পেয়েছে জয়বাংলা কনসার্টের অফিসিয়াল টি-শার্ট।

স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণের দিন স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এই কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কনসার্ট শুরুর পর দুপুর সোয়া ৩টার দিকে ‘আরেকটা রক ব্যান্ডের’ গান চলার সময় স্টেডিয়ামের এক প্রান্তে নেচে-গেয়ে হই-হুল্লোড় করতে দেখা যায় একদল তরুণকে।

কালো-রঙের একই ডিজাইনের টি-শার্ট পরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একসঙ্গে এসেছেন এই ১৮ জন তরুণ।

তাদের একজন সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জয় বাংলা কনসার্টে আমরা প্রতিবারই আসি। এবার বন্ধুরা আগে থেকে ঠিক করেছি একই ডিজাইনের পোশাক পরে আসব। সেই প্ল্যান এভাবে এসেছি। এখন সবাই মিলে জমা করছি।”

কনসার্ট শুরুর আগে থেকে আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত শিক্ষার্থী।

তাদের একজন অনন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগের ছোট ভাই-বোনদের নিয়ে এসেছি। এ ধরনের কনসার্টে অনেক মজা হয়। আমরা শেষ পর্যন্ত উপভোগ করতে চাই।”

কনসার্টের পাশাপাশি ইতিহাস স্মরণকেও আর্মি স্টেডিয়ামে আসার উদ্দেশ্য হিসাবে বর্ণনা করেন কনসার্টে আসা অনেকে।

মিরপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টে আসা কাইছুর রহমান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”পরিবারের সদস্যদের পাশাপাশি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি আজকে। আনন্দ ভাগাভাগির পাশাপাশি এক ধরনের মিলনমেলাও হয় এখানে।

”শুধু আনন্দ উপভোগ নয়, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাসকেও তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার উপলক্ষ এটা।”

কনসার্টের শুরুতেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের একাংশ- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শোনানো হয়।

সিআরআইর ট্রাস্টি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন,  সন্ধ্যায় প্রদর্শন হবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন। ঐতিহাসিক সে ভাষণের ২৩টি বাক্য বাছাই করে নির্মিত হয়েছে এই প্রজেকশন।

ময়মনসিংহ থেকে আসা আরিফুর রহমান সিয়াম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। ছয় বারের মতো এবারও আমরা বন্ধুরা মিলে এসেছি। এবার আমরা এসেছি সাতজন।”

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে কনসার্ট সরাসরি দেখা যাচ্ছে।

জাতীয় সঙ্গীতে শুরু জয় বাংলা কনসার্ট