অবৈধ সম্পদ: রাজউক কর্মকর্তার তিন বছরের সাজা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক বরখাস্ত কর্মকর্তাকে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম বুধবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত জাজাউল হক মুন্সী জুন্নু (৪৭) রাজউকের ডিজাইন শাখার কর্মকর্তা ছিলেন। মামলা হওয়ার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি গোপালগঞ্জের বৌলতলীর কলপুর গ্রামের মৃত জুলফিকার আলী মুন্সীর ছেলে।
এ মামলায় জামিনে থাকা রাজউক কর্মকর্তা জুন্নু রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী সময়ের আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, রাজউকে কর্মরত থাকা অবস্থায় জুন্নু ১৯৯৮ সালের জুন মাস থেকে ২০১৪ সালের জুলাই মাস পর্যন্ত বেতন ভাতা বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৫২৩ টাকা আয় করেন। আর তিনি ব্যয় দেখিয়েছেন চার লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
সে হিসেবে তার সম্পদ থাকার কথা ২ লাখ তিন হাজার ১২৩ টাকা। কিন্তু তার ও তার পোষ্যদের নামে ১৬ লাখ ৭৩ হাজার ৬৩৭ টাকার সম্পদের তথ্য পায় দুদক। এছাড়া গোপালগঞ্জ সদরে কেনা সম্পত্তির চারটি দলিলের দুটিতে পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেন জুন্নু।
তিনি ১৪ লাখ ৭০ হাজার ৫১৪ টাকা অবৈধ অর্থ দিয়ে জমি কিনেছেন অভিযোগ করে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম।
মামলাটি তদন্ত করে তিনি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০১৮ সালের ২৫ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
অভিযোগপত্রভুক্ত ছয়জন সাক্ষীর মধ্যে চার জনের সাক্ষ্য শুনে বুধবার আদালত জুন্নুকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন রুহুল ইসলাম খান। আসামির পক্ষে ছিলেন মো. শাহাবুদ্দিন শেখ।
