২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজলের ক্যানভাসে বাঙালি ও বাংলা

তেলরঙের জমিনে বাঙালির মুক্তিসংগ্রামের অবয়ব ফুটিয়ে তুলতে গিয়ে  চিত্রকরের রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর তেজোদীপ্ত ভাষণের ক্ষণ, মুক্তিযোদ্ধাদের অভিযানের প্রস্তুতি; উদ্ভাসিত হয়েছে আবহমান গ্রাম-বাংলার সৌন্দর্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 09:44 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

আখতার মাহমুদ কাজলের ১০২টি তৈলচিত্র নিয়ে সোমবার শিল্পকলা একাডেমিতে 'মুক্তিযুদ্ধ ও নৈসর্গিক বাংলাদেশ' শিরোনামে শুরু হয়েছে  ১০ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী।

মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ তুলে ধরতে গিয়ে কাজল তার ক্যানভাসে তুলে ধরেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র।

একদিকে লড়াই-সংগ্রামে বাঙালির মুখাবয়ব ও অভিব্যক্তি, অন্যদিকে বিমূর্ত প্রকৃতি তার চিত্রকর্মকে করেছে স্বতন্ত্র।

চাঁপাইনবাবগঞ্জের কমলাকান্তপুর গ্রামে ১৯৫৫ সালের ১ জুন জন্ম হয়েছিল আখতার মাহমুদ কাজলের। অর্থকষ্টে উচ্চশিক্ষার সুযোগ মেলেনি তার।

তেলরঙের চিত্রকর্মে পটু এই স্বশিক্ষিত চিত্রশিল্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিল্পকর্মে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, সে সময় আমি স্কুলে পড়ি। বেড়ে উঠেছি গ্রামেই। বাবার পেশাগত কাজের সুবাদে ঘুরেছি দেশজুড়ে। খুব কাছ থেকে দেখেছি পাকিস্তানি বাহিনীর নির্যাতন, যা আমাকে নাড়া দিয়েছে। বাংলার নৈসর্গিক সৌন্দর্যও আমাকে টেনেছে। আমার শিল্পকর্মগুলোতে এসবই তুলে ধরেছি।”

৬৫ বছর বয়সী এই চিত্রকর বলেন, “দীর্ঘ চল্লিশ বছর তৈলচিত্রে কাজ করলেও কখনও প্রদর্শনী করিনি। একজন স্বশিক্ষিত শিল্পী হিসেবে ব্যক্তিগতভাবে শিল্পচর্চা করেছি। তবে আনুষ্ঠানিক প্রদর্শনী এবারই প্রথম।”

তার এই প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

তিনি বলেন, “শিল্পী কাজলকে আমি তার শৈশব থেকে চিনি। শৈশবেই তার প্রতিভার প্রমাণ পেয়েছিলাম। মুক্তিযুদ্ধ কারো কাছে আবেগের, কারো কাছে বড় রকমের চেতনার। সেই আবেগ-চেতনাই ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে শিল্পী কাজলের তুলির আঁচড়ে।” 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী বলেন, ৪০ বছর ধরে শিল্পচর্চার পরেও কাজল কখনও প্রদর্শনী করেননি; এটা বিস্ময়কর।

“তার প্রতিটি শিল্পকর্মে দেশ-মা-মাটির টান স্পষ্ট। তিনি সবসময় বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা ও হতাশা থেকে মুক্ত এক পৃথিবীর স্বপ্ন দেখেন। শিল্পকর্মের মাধ্যমে তিনি শান্তির জন্য আশা এবং আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছেন।”

অন্যদের মধ্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ নম্বর গ্যালারিতে দশ দিনের এই প্রদর্শনী চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত ।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।