যথাযথ ক্ষমতা প্রয়োগ করেন না জনপ্রতিনিধিরা: তাজুল
আইনে স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ ক্ষমতা দেওয়া হলেও তা তারা ঠিকমতো প্রয়োগ না করায় অন্যরা সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সিরডাপ মিলনায়তনে রোববার ‘উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত কার্যক্রম: গবেষণার আলোকে পর্যালোচনা’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।
সভায় বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আরও শক্তিশালী করার পক্ষে মত দেন।
পরে মন্ত্রী তাজুল ইসলাম স্থানীয় সরকার ব্যবস্থায় আইনে জনপ্রতিনিধিদের দেওয়া ক্ষমতা সম্পর্কে বলেন, “আইনে ক্ষমতা দেওয়া হয়েছে, এ সমস্ত ক্ষমতা বেশিরভাগই দেখা গেছে ঠিকমতো প্রয়োগ হয় না। বেশিরভাগ অযোগ্যতার দরুন... নিজেরা ক্ষমতা ঠিকমতো হ্যান্ডলিং করতে না পারলে অন্যরা এসে এখানে সুযোগ নেয়।”
তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “কোনো কাজ আইন মতো না হলে চ্যালেঞ্জ করেন। আইনের প্রয়োগ না হওয়াতে অন্যরা সুযোগ নিচ্ছে। এই সুযোগ আপনারা দেবেন না।”
বাংলাদেশ উপজেলা পরিষদ সমিতির সভাপতি হারুন অর রশিদ হাওলাদার বলেন, “আমাদের মূল সমস্যাটা হচ্ছে- জনপ্রতিনিধিদের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হোক, এটা কেউ চায় না। উপজেলা বা ইউনিয়ন পরিষদের ক্ষমতায়ন করা হলে তখন আমরা আমাদের ক্ষমতা প্রয়োগ করতে পারব।”
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি জাকারিয়া আলী বলেন, “স্থানীয় সরকার আইনে (ইউনিয়ন পরিষদ) বলা হয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে ইউনিয়ন পরিষদ। এমনকি থানার ওসি যদি এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক কোনো কিছু করতে চান তাহলেও চেয়ারম্যানের অনুমতি লাগবে। চেয়ারম্যানকে ফৌজদারী ও দেওয়ানী অফেন্সের বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে। আসলে এসবের কোনো প্রয়োগ নেই।”
শেরপুর ঝিনাইগাতী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলী বেগম বলেন, “আমাদের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদ রাখা হয়েছে, কিন্তু ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়েছে এ পদ, জানি না।”
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “মুখ্য সচিব থেকে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত সকল ক্ষেত্রে আমলাতান্ত্রিক একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমাদের কোনো ক্ষমতা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “বাংলাদেশে দুটি প্যারালাল শক্তি কাজ করছে, একটা নির্বাচনী শক্তি, অন্যটা আমলাতন্ত্র। এই দুই শক্তির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে না। মানুষ চায় তার ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে প্রয়োগ করতে। মানুষ কী তা পারছে? বিগত বছরগুলোতে নির্বাচনে তা আমরা দেখছি না।”
গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সভায় ফোরামের সমন্বয়ক মহসিন আলী বলেন, “বিভিন্ন ক্ষেত্রে গ্রাম-শহরের মধ্যে বৈষম্য রয়েছে। এটা কমানো দরকার। এজন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। তবে স্থানীয় সরকার ব্যবস্থায় যে ক্ষমতা দেওয়া হয়েছে, সংশ্লিষ্টরা তাও দায়িত্বে অবহেলা করে থাকে।”
স্থানীয় সরকার প্রতিনিধি ও কেন্দ্রীয় সরকার প্রতিনিধিদের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকার পক্ষে মত দিয়ে তিনি বলেন, “রাজনীতির মধ্যে ভুল ধারণা আছে যে, অনেকে মনে করে স্থানীয় সরকার শক্তিশালী করা হলে কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে যাবে। জনপ্রতিনিধি ও আমলাতন্ত্রের মধ্যেও ক্ষমতার ভারসাম্য দরকার।”
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মানবাধিকারকর্মী ও সংসদ সদস্য আরমা দত্ত ছাড়াও আরও অনেকে বক্তব্য দেন।
