খালেদার মুক্তি নিয়ে পর্দার অন্তরালে কিছু নেই: কাদের
দুর্নীতির মামলায় সাজা নিয়ে কারাবন্দি খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে পর্দার আড়ালে কিছু হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুই বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর ‘মানবিকতা’ চেয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে কথা বলেন।
রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, “খালেদা জিয়ার বিষয়টি হচ্ছে আদালতের এখতিয়ার, এটি কোনো রাজনৈতিক মামলা নয়। বিনা বিচারে তো ডিটেনশনে দেওয়া হয়নি। দুর্নীতির মামলা আদালতের এখতিয়ার। মানবিক বিবেচনা করতে পারে একমাত্র আদালত।”
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে ‘পর্দার অন্তরালে’ বিএনপির সাথে কোনো সমঝোতা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “পর্দার অন্তরালে কিছুই নেই, সবকিছু ওপেন সিক্রেট। কোনোটারই সিক্রেসি থাকবে না, সিক্রেসির কালচার নেই।”
কাদের বলেন, “এই যে দেখুন, কালকে একটা টকশোতে শুনলাম, মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব আওয়ামী লীগ সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলতেই পারেন। তার মুক্তির ব্যাপারে আলাপ করতে পারেন এবং প্রধানমন্ত্রীকে আমি জানাব এটা স্বাভাবিক, এটি রাজনৈতিক শালিনতার বিরোধী নয়। এখানে গোপনীয়তার কি আছে? মির্জা ফকরুল আবেদন করতেই পারেন।
“তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে জানানোর জন্য, আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি অবহিত করেছি। মানবিক কারণে মুক্তি চান, মুক্তি চাইবেন এটাই স্বাভাবিক। তার কোনো গোপনীয়তা নেই যে ফাঁস করে দিয়ে অন্যায় করেছি।”
প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “না আমাকে কিছু বলেননি।”
খালেদার প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার জানিয়ে তিনি বলেন, “প্যারোল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখনও লিখিত এ আবেদন পাননি।”
আবেদন করলে মুক্তি দেওয়া হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, “তিনি করুন আগে, প্যারোলের নিয়ম আছে একটি যুক্তিযুক্ত কারণে মুক্তি পায়। যুক্তিযুক্ত কিনা তা তো বিবেচনা করতে হয়।”
বিএনপি তাহলে কি ভুল পথে হাঁটছে- এমন প্রশ্নে কাদের বলেন, “ভুল পথ না সঠিক পথ আপনারাই বলুন। আমি বলছি বিএনপি কোন পথে হাঁটছে, পথের তো জানা নেই। পথ মাঝে মাঝে বেঁকে যায়, কেউ বলছে আন্দোলন করে আবার কেউ মানবিক কারণে তার মুক্তি চায়। তাদেরকে আগে ঠিক করতে বলুন কোন পথে মুক্তি চায়।”
বিএনপি নেতাদের বারবার কূটনীতিকদের কাছে ধর্না দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিদেশিরা আমাদের বন্ধু, তারা আমাদের আইনের বাইরে কোনো প্রকার চাপ দিতে চাইলে মেনে নেব না। এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, কোনো চাপ বা হস্তক্ষেপের বিষয় জানা নেই।”
মহিউদ্দিন-নাসির বলয় ভাঙ্গার জন্য আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এম রেজাউল করিমকে প্রার্থী করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এখানে কোনো বলয়ের বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে আমরা চেইঞ্জ করেছি, প্রার্থীর গ্রহণযোগ্যতা বিবেচনা করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার খুবই ক্লিন ইমেজ, সে কারণে মনোনয়ন দেওয়া হয়েছে।”
আরেক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হতে পারে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “দুর্নীতি দমন কমিশনকে বলব ব্যাপারটি তদন্ত করে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
