বইমেলায় হঠাৎ ভেঙে পড়ল মোবাইল ফোনের টাওয়ার
বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় গ্রামীণফোনের একটি অস্থায়ী টাওয়ার ভেঙে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাওয়ারটি ভেঙে পড়ে। এতে কেউ হতাহত না হলেও মেলায় আসা দর্শনার্থীদের মেধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক দেখা দেয়।
বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ও মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, “দর্শনার্থীদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে অস্থায়ী ভিত্তিতে দুটি সিগন্যাল টাওয়ার বসিয়েছে গ্রামীণফোন।
“বিকাল চারটার দিকে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে খাবারের স্টলের পাশে স্থাপিত টাওয়ারটি হঠাৎ ভেঙে পড়ে ৷ তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ৷ প্রকৌশলীরা সমস্যাটির দ্রুত সমাধানে কাজ করছেন।”
বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা আইয়ুব মোহাম্মদ খান বলেন, “টাওয়ারে যে ম্যাটেরিয়ালগুলো ছিল সেগুলো অবশ্যই ওভারলোডেড এবং দুর্বল ছিল বলেই ভেঙে পড়েছে।”
আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
