২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট অনেক, তবুও আছে লিটলম্যাগ

মানসম্মত কবিতা, গল্প বা সাহিত্য সমালোচনার সঙ্কট প্রকট, লিখতে চান না অনেকে, কখনও আর্থিক সঙ্কটে বন্ধই হয়ে যায় প্রকাশনা, এত প্রতিকূলতার পরও বের হচ্ছে সাহিত্যের ছোট পত্রিকা, যা লিটল ম্যাগ নামেই পরিচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2020, 11:53 PM

Updated : 10 Oct 2022, 06:57 PM

বাংলা একাডেমির বহেরা চত্বর থেকে লিটলম্যাগ এবার এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে। বহুদিন ধরে লিটলম্যাগ প্রকাশকদের দাবি ছিল, গ্রন্থমেলার মূল আকর্ষণ সোহরাওয়ার্দী উদ্যানে গেলে তারা আর্থিকভাবে লাভবানও হবেন।

এবার অমর একুশে গ্রন্থমেলায় ১৫৩টি প্রকাশনীকে ঠাঁই দেওয়া হয়েছে লিটল ম্যাগ চত্বরে।

২০১৩ সাল থেকে থিয়েটারবিষয়ক সাহিত্য পত্রিকা ‘ক্ষ্যাপা’ সম্পাদনা করছেন পাভেল রহমান। ‘আর্থিক কারণে’ অনিয়মিত হলেও থিয়েটারবিষয়ক সাহিত্য পত্রিকাটি ইতোমধ্যে নাট্যাঙ্গনে নজর কেড়েছে।

ছয় বছর পেরিয়ে এসে মাত্র পঞ্চম সংখ্যা প্রকাশিত হচ্ছে এবার। নাট্যব্যক্তিত্ব ও আরণ্যক নাট্যদলের প্রধান মামুনুর রশীদের জন্মদিন উপলক্ষে দীর্ঘ সাক্ষাৎকারের পাশাপাশি প্রবন্ধ, নাট্য সমালোচনা ও নাটকের খবরাখবর দিয়ে সাজানো হয়েছে নতুন এ সংখ্যাটি।

নিজের থিয়েটার পত্রিকা নিয়ে পাভেল রহমান বলেন, “জাতীয় পত্রিকাগুলো কবিতা বা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে শব্দ সংখ্যা বেঁধে দেয়। লিটলম্যাগে সে সমস্যাটি নেই। এছাড়া লিটল ম্যাগে নিজের চিন্তা আর দর্শনের প্রতিফলন ঘটাতে পারি।”

কর্পোরেট বিজ্ঞাপন না নেওয়ার প্রতিজ্ঞা থেকে লিটলম্যাগ সরে আসছে বলে রয়েছে অভিযোগ।

তার কারণ হিসেবে পাভেল রহমান বলেন, “লিটল ম্যাগ প্রকাশে অর্থনৈতিক ব্যাপার থাকে। বিজ্ঞাপন নেব না, সে ভাবনা থেকে লিটল ম্যাগ বেরিয়ে আসছে। আমাদের এবারের প্রকাশনাতেও একটি নাটকের দল বিজ্ঞাপন দিয়েছে।”

ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কাঁচামাটি এবার ১৯তম সংকলটি এনেছে বইমেলায়।

কাঁচামাটির সম্পাদক আতিক আজিজ বলেন, জাতীয় পত্রিকাগুলোর সাহিত্য সম্পাদকরা ‘সিন্ডিকেট’ বজায় রেখে কবিতা-প্রবন্ধ বা সাহিত্য সমালোচনা যখন ছাপছেন, তখন লিটল ম্যাগ হতে পারে তরুণ লেখকদের ‘বিকাশের ক্ষেত্র’।

তিনি বলেন, “আমরা সবসময় চেষ্টা করি, তরুণ লেখকদের প্রাধান্য দিতে। উদীয়মান ও প্রতিভাবান লেখকদের লেখাগুলো যখন জাতীয় পত্রিকাগুলো ছাপতে চায় না, তখন সৃজনশীল ও মানসম্মত লেখাগুলোকে আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করি।”

Image
সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় একটি স্টলে বই দেখছেন তরুণ-তরুণীরা। ছবি: মাহমুদ জামান অভি

সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় একটি স্টলে বই দেখছেন তরুণ-তরুণীরা। ছবি: মাহমুদ জামান অভি

আর্থিক কারণে প্রায়ই যখন প্রকাশনা বন্ধ হয়ে যায়, তখনও কর্পোরেট বিজ্ঞাপন নিতে নারাজ এই প্রকাশক।

তিনি বলেন, “শুরু থেকেই নিজস্ব অর্থায়নে আমি লিটলম্যাগ প্রকাশ করছি। কিন্তু বিজ্ঞাপন নিচ্ছি না। বিজ্ঞাপন এলেই নানা ধরনের লেখা ছাপাতে চাপ দেবেন বিজ্ঞাপন দাতারা, যা একেবারে মানসম্মত নয়।”

লিটলম্যাগ কহরদরিয়ার যাত্রা দু বছরের।

এর স্বত্বাধিকারী লিয়াকত বখতিয়ার জানান, গতানুগতিক ধারার বাইরে এসে নিজস্ব স্বকীয়তায় সাহিত্য ভাবনা প্রকাশ করতে তার যাত্রা শুরু।

তিনি বলেন, “আমাদের ঐতিহ্য, বাঙালির স্বকীয়তাবোধ আর চিন্তাভাবনা যখন ক্রমেই হারিয়ে যাচ্ছে, তখন নতুন ভাবনার সন্নিবেশ করতেই কহরদরিয়ার যাত্রা শুরু।”

লিয়াকত বখতিয়ার কহরদরিয়ার এবারের সংখ্যা নোয়াখালী, কুমিল্লা, বরিশাল ও সিলেট অঞ্চলের ভাষার নানা উপাদান নিয়ে সাজিয়েছেন।

তিনি বলেন, “নানা আগ্রাসনে আমাদের আঞ্চলিক ভাষা ক্রমেই হারাতে বসেছে। আঞ্চলিক ভাষার নানা শব্দ, তার প্রয়োগ নিয়ে এবারের সংখ্যায় আলোচনা সাজিয়েছি।”

 

লিটল ম্যাগের সাহিত্যমান বজায় রেখে কবিতা, প্রবন্ধ পাওয়া কখনও দুষ্কর হয়ে উঠে বলে জানান তিনি।

“ভালো মানের লেখা না হলে লিটলম্যাগ পড়বে কেন পাঠক?  মান বিচারে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি সাহিত্য পত্রিকা পরাণ কথা সম্পাদনা করছেন তাশরিক-ই-হাবিব।

লিটল ম্যাগের সাহিত্যমান বিচার করতে গিয়ে তিনি বলেন, “তরুণদের মধ্যে যারা লিটলম্যাগ বা সাহিত্যপত্রিকাগুলোতে লিখছেন, মৌলিকত্ব বজায় রেখে ধারাবাহিকতা বজায় থাকছে না তাদের মধ্যে। সমকালীন বিষয়ে লেখালেখির জন্য ধারাবাহিকতা ভীষণ জরুরি।”

তিনি জানান, ২০১৭ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে এ পর্যন্ত ১৩টি সংখ্যা প্রকাশ করেছেন।

পরাণ কথা থেকে প্রকাশিত হয়েছে অদিতি ফাল্গুনীর নারীবাদ বিষয়ক বই ‘খসড়া খাতা : নারীবাদী সাহিত্যতত্ত্ব ও বিবিধ প্রসঙ্গ’।

তিনি বলেন, “ইন্টারনেটের যুগ বলে এখন বড় পত্রিকারই নাভিঃশ্বাস উঠে যাচ্ছে। বড় পত্রিকায় যে আধিপত্য বা হায়ারারকি আছে সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা ভেঙে যাচ্ছে। ২০ বছর পরে লিটল ম্যাগ না বড় পত্রিকা কতখানি টিকবে সেটা বলা কঠিন। তবে লিটল ম্যাগের লেখাগুলো কিন্তু আমি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারি।”

নব্বই দশকের শেষভাগে লিটলম্যাগ আন্দোলনে ‘কবিতাপত্র চাষী’ নিয়ে সম্পৃক্ত হয়েছিলেন প্রদীপ মিত্র।

লিটলম্যাগের সাহিত্যমান বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “তরুণরা মনে করছে, ফেইসবুকে লেখালেখি আর সাহিত্য একই ব্যাপার। কিন্তু এ ফেইসবুকনির্ভরতা কাল ডেকে আনছে সাহিত্যের।”

লিটলম্যাগ চত্বরে বইমেলার নিয়ম অনুযায়ী, লিটলম্যাগ বাদে অন্য কোনো প্রকাশনা বা অন্য প্রকাশনার বই বিক্রয় নিষিদ্ধ। কিন্তু বাংলা একাডেমির সেই নীতিমালার থোড়াই কেয়ার করছেন প্রকাশকরা। লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপা বাদে অন্য সব প্রকাশনাতেই মিলেছে বিভিন্ন প্রকাশনার বই।

বইমেলায় লিটল ম্যাগ চত্বরের দায়িত্বে থাকা বাংলা একাডেমির কর্মকর্তা আমিনুর রহমান সুলতান বলেন, “লিটলম্যাগ স্টলে লিটলম্যাগ প্রকাশ হলে লিটলম্যাগের আবেদন নষ্ট হয়। গতবার অন্য বই ও অন্য প্রকাশনার বই বিক্রয় করায় ৪৪টি লিটলম্যাগ প্রকাশনাকে নিষিদ্ধ করা হয়েছে। এবারও আমাদের কঠোর হতে হবে।”

লিটলম্যাগ প্রকাশনা থেকে যারা বই প্রকাশ করছেন, তাদের বই বিক্রয়ের জন্য আগামীতে তিন-চারটি স্টল নির্ধারণ করে দিয়ে কেবল সেসব স্টলেই বই বিক্রয় করা যায় কি না, তা নিয়েও ভাবা হবে বলে জানান আমিনুর রহমান সুলতান।

বাংলা একাডেমি জানিয়েছে, গ্রন্থমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে ১১৬টি। সবমিলিয়ে নতুন বইয়ের সংখ্যা ৯৫৭টি।

রোববার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় মিল্টন বিশ্বাস রচিত উপন্যাসে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রশান্ত মৃধা। আলোচনায় অংশগ্রহণ করেন পাপড়ি রহমান ও মোজাফ্ফর হোসেন। লেখকের বক্তব্য প্রদান করেন মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা সৈয়দ হক। সন্ধ্যায় ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।