২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্য কুদ্দুসের আত্মহত্যায় স্ত্রী-শাশুড়িকে আসামি করে মামলা

পুলিশ সদস্য আবদুল কুদ্দুসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেছেন মা সৈয়দা হেলেনা খাতুন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 01:25 AM

Updated : 08 Apr 2022, 12:19 AM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইলিয়াস মিয়া বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ইশরাক হাসান আদালতপাড়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

আসামিরা হলেন- আবদুল কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিন ও শাশুড়ি রুনিয়া বেগম।

মামলায় বলা হয়, আবদুল কুদ্দুসের স্ত্রী সৈয়দা হাবিবুন্নাহার ওরফে নাহিন ‘পরকীয়ায় আসক্ত’ ছিলেন। সারাক্ষণ ফোনে কথা বলতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সালিশ হয়। পরে সমঝোতা হয়। কিন্তু নাহিন এরপরও পরকীয়া চালিয়ে যান। আবদুল কুদ্দুস তার শাশুড়িকে এ বিষয়ে জানালে ভিকটিমের পরিবারকে নারী নির্যাতনের মামলা এবং চাকরি হারানোর ভয় দেখানো হয়। ভিকটিমের পরিবার কাফরুল থানায় মামলা দায়ের করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি। এজন্য তার বৃদ্ধা মা আজ আদালতে এসে মামলাটি দায়ের করেন।

গত ২৩ জানুয়ারি ভোরে রাজধানীর মিরপুর পুলিশ লাইনে আবদুল কুদ্দুস নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেন। ভোর সোয়া ৫টার দিকে তিনি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে ডিউটির জন্য বের হন। পরে পুলিশ লাইনের মাঠের এক পাশে দাঁড়িয়ে আত্মহত্যা করেন।

আবদুল কুদ্দুস সিলেটের রসুলপুরের মৃত শাহ মো. আবদুল ওয়াহাবের ছেলে।

আত্মহত‌্যার আগে ওই পুলিশ সদস্য ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে শাশুড়িকেও দায়ী করা হয়।

দণ্ডবিধির ৩০৬ ধারার আত্মহত্যার প্ররোচনা মামলার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা।

পুরনো খবর:

মিরপুরে নিজের অস্ত্রে পুলিশের আত্মহত্যা