মেয়ের মুখে ফজলে হাসান আবেদের শেষ দিনগুলি
ক্যান্সারে আক্রান্ত হয়েও জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের কষ্টে কীভাবে স্যার ফজলে হাসান আবেদ বিচলিত হতেন, তার একটি বর্ণনা দিয়েছেন এই গুণী বাংলাদেশির মেয়ে তামারা হাসান আবেদ।
মঙ্গলবার ঢাকায় ব্র্যাক আয়োজিত স্মরণসভায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা আবেদের জীবনের শেষ সময়গুলোর স্মৃতিচারণ করেন তামারা।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমার কাছে তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। একজন মানুষ সর্বোচ্চ কোন পর্যায়ে যেতে পারে, তার দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। যেভাবে তিনি বেঁচেছেন এবং মৃত্যর মধ্য দিয়েও তিনি তা দেখিয়েছেন।”
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনের হাসপাতালে ক্যান্সার ধরা পড়ার পরও স্যার ফজল হাসান আবেদের দৃঢ়চেতা মনোভাব প্রকাশের বর্ণনা দিয়ে শুরু করেন তামারা আবেদ।
স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে স্মৃতিচারণে মানিকগঞ্জের ব্র্যাক স্কুলের শিক্ষক মাজেদা খানম। ছবি: আসিফ মাহমুদ অভি
“প্রায় আধা ঘণ্টার আলাপের পর তিনি সিদ্ধান্ত নিলেন, চিকিৎসা তিনি করাবেন না। রোগকে তার আপন গতিতে চলতে দেবেন। এটার মানে হচ্ছে, তিনি বাঁচতে পারেন চার মাসের মতো।”
মেয়ের বর্ণনায়, বিদেশে না থেকে ফজলে হাসান আবেদ প্রিয় স্বদেশের মানুষের কাছে ফিরতে চেয়েছিলেন, যাদের জন্য আজীবন কাজ করেছেন।
”পরবর্তীতে তিনি বলেছিলেন, তার দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে ছিল- ব্র্যাক এবং পরিবারের জন্য কোনটা ভালো হবে তা ঠিক করা।”
স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় তার মেয়ে তামারা আবেদ। ছবি: আসিফ মাহমুদ অভি
গত বছরের জুলাইয়ের মাঝামাঝিতে দেশে ফিরে এসে প্রতিষ্ঠানের সহকর্মীদের ’প্রিয় আবেদ ভাই’ ব্র্যাকের নতুন নেতৃত্ব ঠিক করার কাজে মনোনিবেশ করেন বলে জানান মেয়ে তামারা।
তিনি বলেন, “পরবর্তী তিন সপ্তাহ প্রতিদিন ৭টা-৮টা পর্যন্ত অফিসে সময় কাটিয়েছেন তিনি। নতুন বোর্ড সদস্য এবং নতুন চেয়ারপারসন খোঁজার কাজ তিনি করছিলেন, যিনি তার জায়গায় আসবেন। একদিন তিনি নিজে পদত্যাগ করে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন।”
৬ অগাস্ট চেয়ারপারসন পদ থেকে অবসরে গিয়ে নতুন নেতৃত্ব আনেন স্যার ফজলে হাসান আবেদ। ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপারসনের পদে আসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
তার সঙ্গে ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপারসনের পদে দায়িত্ব পান জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় মঙ্গলবার ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভা শুরু হয় নীরবতা পালনের মধ্য দিয়ে। ছবি: আসিফ মাহমুদ অভি
”ঘূর্ণিঝড় বুলবুল যখন এলো তিনি এমন ব্যাকুল হলেন যেন তার পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছে। যেন ১৯৭০ সালে ভোলার কথা চিন্তা করছিলেন। তিনি আমাদের বলেন, ঘুর্ণিঝড়ে যেন সব ধরনের সহায়তা দেওয়া হয়।”
অসুস্থতার মধ্যেও ফজলে হাসান আবেদের জন্মভূমি হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাইয়ের নামে প্রতিষ্ঠিত স্কুল পরিদর্শনে যাওয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন তামারা।
“অক্টোবরে তার জন্য চলাফেরা করাই ছিল দুরূহ। এর মধ্যে হেলিকপ্টারে চড়ে বানিয়াচংয়ে গ্রামের বাড়িতে যান তিনি। অক্টোবরে আমরা আপত্তি জানালে তিনি বলেছিলেন, ’বানিয়াচংয়ের মেয়েরা কীভাবে তাদের জীবন পরিবর্তন করেছে, আমি তা নিজ চোখে দেখতে যেতে চাই।“
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় মঙ্গলবার ব্র্যাকের আয়োজনে স্যার ফজলে হাসান আবেদ স্মরণসভায় অতিথিরা। ছবি: আসিফ মাহমুদ অভি
“একটা সময় আসল যখন তিনি পড়তে পারেন না। আমি রবীন্দ্রনাথ, টিএস এলিয়ট, শেক্সপিয়র, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ে শোনাতাম।”
অসুস্থ অবস্থায় বাবার কাছ থেকে নানা ধরনের গল্প ও শিক্ষণীয় বিষয় শোনার কথা জানিয়ে তামারা বলেন, “তিনি গল্প করতেন তার মা, আমার মাকে নিয়ে। আলোচনা করতেন মানব সভ্যতা কীভাবে সামনে এগিয়েছে, কোন দিকে যাচ্ছে; উত্তরসূরি নাতি-নাতনিদের জন্য কী চান, শিক্ষা নিয়ে তার ভাবনা, ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে কী ভাবনা প্রভৃতি।”
কাজের অনেক স্বীকৃতি জীবনেই পেয়ে গেছেন স্যার ফজলে হাসান আবেদ; মঙ্গলবার তার স্মরণসভায় দেশি বিদেশি সেসব পুরস্কার প্রদর্শন করা হয়। ছবি: আসিফ মাহমুদ অভি
তিনি বলেন, “আব্বু মনে করতেন, তার প্রত্যেক কাজ প্রত্যেক মুহূর্তের ম্যাটার করে। জীবনটাকে তিনি সেভাবেই অতিবাহিত করেছেন।”
