২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতি নিয়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রটোকল অনুমোদন

আন্তঃদেশীয় হাতি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে বাংলাদেশ ও ভারতের মধ্য স্বাক্ষরিত একটি প্রটোকলের ভুতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 06:09 PM

Updated : 26 Mar 2024, 09:51 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ‘প্রটোকল অন টান্স-বাউন্ডারি এলিফ্যান্ট কনজারভেশন বিটুইন রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড রিপাবলিক অব ইন্ডিয়া’ এর খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভারত এবং মিয়ানমার থেকে অনেক হাতি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে, এদের যাওয়ার ক্ষেত্রে অনেক সময় আবার প্রতিবন্ধকতা হয়।

“হাতি সংরক্ষণে আন্তঃরাষ্ট্রীয় অংশীদারিত্ব বৃদ্ধি করতে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারতকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এর আলোকে ২০১৮ সালের ২৯ নভেম্বর থার্ড ডায়লগ অন ট্রান্স-বাউন্ডারি এলিফ্যান্ট কনজারভেশন সভা ঢাকাতে হয়।”

ওই সভায় দুই দেশের সংশ্লিষ্ট অধিদপ্তর পর্যায়ের প্রটোকল অন ট্রান্স-বাউন্ডারি এলিফ্যান্ট কনজারভেশন সই হয় বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশেষ করে শেরপুর, মেঘালয় আন্তঃদেশীয় সীমান্তবর্তী এলাকায় ২৩টি হাতি মারা গেছে এবং দু'টি আহত হয়। হাতির আক্রমণে ৩৬ জন মানুষ মারা গেছে, ২০ জন আহত হয়েছেন। এছাড়া এক হাজার ১১৬টি পরিবার ও ২৩২টি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়।

প্রটোকলের বিষয়ে তিনি বলেন, “এটা যদি হয় তবে সুবিধা হবে যে, আন্তঃদেশীয় হাতি যথাযথভাবে ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্ভব হবে। উভয় দেশ নিজ নিজ বন্যপ্রাণী বিষয়ক আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারবে। হাতি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কিত তথ্য উভয় দেশের মধ্যে আদান-প্রদান করা যাবে। হাতি সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বন্যপ্রাণী আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা যাবে।

“হাতির বাসস্থান টেকসই পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে। সীমান্তবর্তী এলাকায় আন্তঃদেশীয় হাতির জরুরি ব্যবস্থাপনার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশকে সম্পৃক্ত করে এটা ম্যানেজ করা যাবে। উভয় দেশ যৌথভাবে গবেষণা ও পর্যবেক্ষণ কাজ পরিচালনা করবে।”