গ্রাফিক নভেল ‘মুজিব’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন
গ্রাফিক নভেল ‘মুজিব’-এর সপ্তম খণ্ডের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার অমর একুশে বইমেলা উদ্বোধনের পর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলে গিয়ে এই মোড়ক উন্মোচন করেন তিনি।
বাংলা একাডেমি প্রাঙ্গণের স্টলে প্রধানমন্ত্রীর হাতে গ্রাফিক নভেল মুজিব-এর সপ্তম খণ্ড তুলে দেন সিআরআইয়ের ট্রাস্টি ও গ্রাফিক নভেল মুজিব-এর প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক।
সিআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বইটি হাতে নিয়েই প্রধানমন্ত্রী বলেন, এইটা তো সেই বই, তাই না?
গ্রাফিক নভেল মুজিব প্রকাশের শুরু থেকেই সম্পাদনা করে, নাম ঠিক করে দিয়ে এবং বিভিন্ন নির্দেশনাসহ নানা পরামর্শ দিয়ে আসছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক সেট ‘মুজিব’ গ্রাফিক নভেল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। এ সময় অধ্যাপক আনিসুজ্জামানসহ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিদের হাতেও এক সেট করে বই তুলে দেওয়া হয়।
শিশু-কিশোরদের জন্য তৈরি গ্রাফিক নভেল মুজিবের সপ্তম খণ্ডে উঠে এসেছে তৎকালীন দুর্ভিক্ষের চিত্র।
এর আগে প্রথম পর্বে খেলাধুলা, পড়াশোনা, ডাক্তারের কাছ থেকে পালানো, প্রথমবারের মতো কারাবরণের মতো বিভিন্ন কৌতূহলোদ্দীপক কাজের পাশাপাশি দেশের প্রতি তরুণ বয়স থেকেই নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা যায় কিশোর শেখ মুজিবকে।
দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর রাজনীতির হাতেখড়ির পাশাপাশি তার প্রেরণা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি জানা যায়।
‘মুজিব-৪’ এ অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলন শেষে তরুণ শেখ মুজিবের দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ ও ১৯৪৪ সালে ছাত্রলীগের সম্মেলনে তার ভূমিকার বিষয়টি উঠে আসে।
‘মুজিব-৫’ এ ১৯৪৫ সালে অত্যন্ত জনপ্রিয় হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমানকে কীভাবে ছাত্রলীগের পদ থেকে বঞ্চিত করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যুদ্ধকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহলের কালোবাজারি এবং দেশের কিছু এমএলএ ও খান বাহাদুরদের স্বার্থের টানাপড়েনের কারণে ব্রিটিশ গভর্নরের কাছে ক্ষমতা চলে যাওয়ার ঘটনা বর্ণনা করা হয়। এ সব কিছু দারুণভাবে নাড়া দেয় তরুণ শেখ মুজিবকে।
‘মুজিব-৬’ পর্বে খাজা নাজিমুদ্দিনের নানা কূটকৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান তুলে ধরা হয়।
