২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিঘর বিল সংসদে

বাতিঘরের জন্য মাশুল না দিলে জাহাজ আটকে রাখার বিধান যুক্ত করে নতুন আইন করতে একটি বিল তোলা হয়েছে জাতীয় সংসদে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংসদ প্রতিবদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2020, 08:35 PM

Updated : 18 Aug 2022, 02:19 PM

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার ‘বাংলাদেশ বাতিঘর বিল-২০২০’ সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি ১০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯২৭ সালের ‘দ্য লাইট হাউজ অ্যাক্ট’ বাতিল করে নতুন আইন করতে এই বিল তোলা হয়েছে।

তাতে বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায় চলাচলের সময় জাহাজের মালিক, এজেন্ট বা মাস্টারকে বাতিঘর মাশুল পরিশোধ করতে হবে। মাশুল আদায় করবেন সংশ্লিষ্ট কাস্টমস কমিশন।

বাতিঘর মাশুল পরিশোধ না করে কোনো জাহাজ নৌপথে চলাচল করলে তা আটকে রাখা হবে। আটক জাহাজ অতিরিক্ত মাশুল দিয়ে ৬ মাসের মধ্যে আবেদন করলে তা ফেরত দেওয়া হবে। 

বিলে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রের মালিকানাধীন অথবা নৌবাহিনী অথবা কোস্ট গার্ডের জাহাজ, যা ভাড়ার জন্য মালামাল বা যাত্রী পরিবহন করে না- এমন জাহাজ বাতিঘর মাশুলের আওতার বাইরে থাকবে।

এছড়া ১০ টনের নিচে এবং সরকার ঘোষিত যে কোনো শ্রেণির জাহাজের ক্ষেত্রে এই মাশুল প্রযোজ্য হবে না।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে তিনটি বাতিঘর বিদ্যমান এবং আরো ৪টি বাতিঘর স্থাপনের প্রক্রিয়া চলছে।

“বাতিরঘরগুলো রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইনটি আরও আধুনিক ও যুগোপযোগী করতে বিলটি সংসদে তোলা হয়েছে।”

পুরনো খবর:

বাতিঘর মাসুল না দিলে আটক করা হবে জাহাজ