২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশার চাদর

ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে পুরো বাংলাদেশই এখন জুবুথুবু। সবখানে বইছে উত্তরী হিমেল হাওয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2020, 01:24 AM

Updated : 18 Aug 2022, 02:19 PM

শীতের তীব্রতার মধ্যে দিনভর ঘন কুয়াশা আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়াশা ও জলীয় বাষ্পে আর্দ্রতা বেশি হওয়ায় শীতও তীব্র অনুভূত হচ্ছে। এ সময় কুয়াশাস্তর নিচে নেমে আসায় মেঘলা আবহাওয়াও বিরাজ করছে।”

শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হাফিজ বলেন, “দিন-রাতের তাপমাত্রা দুয়েকদিন কমবে। ফলে এ দফায় চলমান শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ১৫ জানুয়ারির পর তাপমাত্রা বাড়তে শুরু করবে।”

Image
কনকনে শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন জাতীয় সংসদ ভবন। মৌসুমের চতুর্থ দফার শৈত্য প্রবাহে রোববার দেশজুড়ে দেখা মেলেনি সূর্যের। ছবি: আসিফ মাহমুদ অভি

কনকনে শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন জাতীয় সংসদ ভবন। মৌসুমের চতুর্থ দফার শৈত্য প্রবাহে রোববার দেশজুড়ে দেখা মেলেনি সূর্যের। ছবি: আসিফ মাহমুদ অভি

বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলা পঞ্জিকার মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে।

জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা অনেকাংশে কমে আসে। এর কারণে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এ অবস্থায় বাস্ট্যান্ডে অবস্থানরত ও মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ চলতি মাসে তিনটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিলেন। মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয়টি বইছে।

মাসের শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা।

এবারের শীত মৌসুমে ডিসেম্বরের শেষার্ধে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়।

গত ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর নতুন বছরের শুরুতে ৭ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা কম থাকলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। থার্মোমিটারের পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। আর পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসেরনিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে বলে ধরা হয়।

পুরনো খবর:

ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে ৪ হাজার মানুষ
উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, সূর্যের দেখা নেই
আসছে তিনটি শৈত্যপ্রবাহ, প্রস্তুতি জানালো সরকার