উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ, সূর্যের দেখা নেই
উত্তরাঞ্চলে মৌসুমের চতুর্থ দফার শৈত্যপ্রবাহে দেশের বিস্তীর্ণ অঞ্চলে জেঁকে বসেছে শীত; ঘন কুয়াশার কারণে ঠাণ্ডা অনুভূত হচ্ছে বেশি।
রোববার সকাল ৯টায় রংপুরের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থান মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এখনো সূর্যের দেখা মিলেনি বলে শীত অনুভূত হচ্ছে বেশি।
আব্হাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর ও রাজমাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এটা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শনিবারও রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছিল শীতের তীব্রতা। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
২৯ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরে সর্বনিম্ন তাপমাত্রাও ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ৬ জানুয়ারি।
সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়, ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি ও ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলে।
