‘র্যাগিং’ বন্ধে কমিটি-স্কোয়াড গঠনের নির্দেশ হাই কোর্টের
শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ‘র্যাগিংয়ের’ নামে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের হাতে নবীনদের নির্যাতন বন্ধ করে ভুক্তভোগীদের দ্রুত প্রাতিকার দিতে কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।
আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী পরে সাংবাদিকদের জানান, তিন মাসের মধ্যে এ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
র্যাগিংয়ের অভিযোগে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর বহিষ্কারের উদাহরণ তুলে ধরে আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত সিনিয়রদের দ্বারা র্যাগিংয়ের শিকার হয়ে থাকে। শুধু বিশ্ববিদ্যালয়েই না, শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং কালচারে পরিণত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত (ট্রমাটাইজড) হচ্ছে।”
আদালত তিন মাসের মধ্যে র্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “কমিটি র্যাগিংয়ের অভিযোগ নেবে, র্যাগিং বন্ধে সুপারিশ করবে। আর ক্সোয়াড র্যাগিং প্রতিরোধে ব্যবস্থা নেবে বা প্রতিকার দেবে।”
স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর র্যাগিং বন্ধ ও র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের উকিল নোটিস দেন ইশরাত।
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য র্যাগিং বিরোধী কমিটি ও পর্যবেক্ষণের স্কোয়াড গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় নোটিসে।
কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে ‘কোনো সাড়া না পেয়ে’ গত ৮ জানুয়ারি র্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনে নির্দেশনা চেয়ে হাই কোর্টে এই রিট আবেদন করেন এ আইনজীবী।
প্রাথমিক শুনানি নিয়ে আদালত রোববার র্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশসহ রুল জারি করল।
