২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিলেট গৌরব সম্মাননা’ পেলেন ১৩ সরকারি কর্মকর্তা

সিলেটের জন্ম নেওয়া ১৩ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে ‘সিলেট গৌরব সম্মাননা ২০২০’ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2020, 10:49 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

শনিবার বিকেলে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘প্রতিভা বিকাশ বাংলাদেশ’র উদ্যোগে এই সম্মাননা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন মুহিতের ভাই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, তাদের বোন জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি এ কে আব্দুল মুবিন ও সৈয়দ আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিভা বিকাশ বাংলাদেশের সভাপতি এ এস এ মুইজ সুজন।

অনুষ্ঠানের অতিথিরা সরকারি কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন- সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস-উল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান এহছানে এলাহী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান অপু, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুর রহমান, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানি খান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম রোহেল, রাজউকের সদস্য শফিউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আমীন এবং রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রায় দুই হাজার শিক্ষার্থীকে ‘আবু আহমদ আব্দুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরী’ শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রয়াত আবু আহমদ আব্দুল হাফিজ ও সৈয়দা শাহার বানু চৌধুরী হলেন মুহিত-মোমেনদের বাবা-মা।

সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, “গুণীজনদের স্বীকৃতি দেওয়া জাতির জন্য প্রয়োজন। না হলে জাতি এগোতে পারবে না। আর মেধাবীদের বৃত্তি দিলে তারা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবে।”

দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষা ঋণ চালুর পক্ষে মত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে, আমাদের দেশে সম্প্রতি পড়াশোনার খরচ অনেক বেড়ে গেছে এবং এই পড়াশোনার খরচ যোগান করতে অনেক লোকজন বিভিন্ন অসৎ কর্মে লিপ্ত থাকে। আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে, আপনি একটি শিক্ষাঋণ চালু করেন, যেটা বিভিন্ন দেশে আছে।

“শিক্ষাঋণ চালু করলে যারা পড়াশোনা করছেন তারা সেই ঋণটা নেবে এবং তারা পাশ করার পরে চাকরি পেয়ে সেই ঋণটা শোধ করবে এবং এটা খুবই কম সুদে হবে।”

প্রয়াত বাবা-মার স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, “সিলেটে ওই সময় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার সবগুলোর পেছনে আমার বাবা-মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তারা ব্যক্তি হিসেবে সৎ ছিলেন এবং একইসাথে সমাজসচেতন ছিলেন।”