২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ নয়, থাকতে হবে দুর্নীতিবাজদের বিপক্ষে: দুদক কমিশনার

দুর্নীতির মামলা পরিচালনায় নিরপেক্ষ না থেকে দুর্নীতিবাজদের বিপক্ষে অবস্থান নিতে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধিবদ্ধ এ সংস্থার অন্যতম কমিশনার মো. মোজাম্মেল হক খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 08:36 PM

Updated : 18 Aug 2022, 06:19 PM

সোমবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পাবলিক প্রসিকিউটরদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তার এমন বক্তব্য আসে।

মোজাম্মেল হক খান বলেন, দুদকের মামলা দায়ের থেকে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে পিপিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

“আপনাদের অভিজ্ঞতা ও জ্ঞান বহুমাত্রিক। তারপরও জনমানসে কিছু নেতিবাচক কথা শোনা যায়, যা আমরা প্রত্যাশা করি না। আমরা মামলা সৃষ্টি করে তা বিচার নিশ্চিতকরণের দায়িত্ব আপনাদের হাতে অর্পণ করি। এসব মামলা সফল চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া আপনাদের পবিত্র দায়িত্ব।

“আপনারা মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নন, আপনারা দুদকের সক্রিয় পক্ষ। কমিশনের মামলায় যেন কমিশনের স্বার্থ, অর্থাৎ রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন থাকে,  সে বিষয়ে আপনারা সক্রিয় থাকবেন।”

মোজাম্মেল হক খান বলেন, “আমরা নিরপেক্ষ নই, আমরা দুর্নীতিপরায়ণদের বিপক্ষে। আপনাদেরকেও দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে।”

কমিশনার বলেন, দুদকের করা মানিলন্ডারিং মামলায় সাজার হার শতভাগ, যা নিয়ে কমিশন ‘গর্ব বোধ’ করে। আর দুদকের আইনজীবীরাও এ কৃতিত্বের অংশীদার।

“কমিশনের যেসব সমস্যা রয়েছে, সেগুলো আমরা কটিয়ে ওঠার চেষ্টা করছি। ক্রমান্বয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। তাই আজ অনেকেই বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দুদক অধিকতর সক্রিয় ও সক্ষম। কমিশনের এই সক্রিয়তা ক্রমাগত বিস্তৃত ও বিকশিত করা হবে।”

পেশা ও শ্রেণিভেদে মানুষের মধ্যে উদারতার কিছু ‘সীমাবদ্ধতা’ রয়েছে মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, “আমরা শুধু নিজেদের নিয়েই গর্ব করি, অন্যদের কাজের সাফল্য প্রকাশের ক্ষেত্রে কিছুটা হলেও ম্রিয়মান থাকি। তাই আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্যের সৎ কাজের প্রতি সমর্থন, সহযোগিতা বাড়াতে হবে।

“আমাদের দেশের স্বার্থে সর্বস্তরের মানুষের, বিশেষ করে অংশীজনদের সমন্বিত চেষ্টার মাধ্যমে দুর্নীতির মতো অনৈতিকতার করাল গ্রাস থেকে সবাইকে রক্ষা করতে হবে।”

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের প্রশিক্ষণ ও আইসিটি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল, পরিচালক শেখ মো. ফানাফিল্যা, দুদকের পিপি মোশাররফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

দুদকের ৪১ জন পাবলিক প্রসিকিউটর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।