২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকতার অনলাইন কোর্স আনছে আর্টিকেল নাইনটিন

সাংবাদিকতায় নীতি-নৈতিকতার প্রয়োগ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে আর্টিকেল নাইনটিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2019, 11:49 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মান ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ডয়চে ভেলে একাডেমির সঙ্গে যৌথভাবে চালু করা হবে এই কোর্স।

’যোগাযোগ কৌশল প্রশিক্ষণ’ শীর্ষক এই কোর্স হবে ৩০ ঘণ্টার (১০ সপ্তাহর মধ্যে)। এর মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আইনের ব্যবহার, সাংবাদিকতায় নীতি-নৈতিকতার প্রয়োগ ও ডিজিটাল নিরাপত্তার বিষয় দিয়ে সাজানো হয়েছে এই কোর্স।

রোববার এক মতবিনিময় সভায় আর্টিকেল নাইনটিনের সিনিয়র কনসালটেন্ট রুবায়েত মল্লিকা রহমান বলেন, ”এই অনলাইন  কোর্স করে বিদ্বেষমূলক বক্তব্য, ফেক বা ভুয়া তথ্য, প্রাইভেসি, ডাটা প্রটেকশন ইত্যাদি বিষয়ে গণমাধ্যম কর্মীরা সজাগ ও দায়িত্বশীল হয়ে উঠবেন।

”এই কোর্সের প্রশিক্ষণার্থীরা জবাবদিহিতা, সুশাসন, কর্মপরিবেশ, সাংবাদিকতার নীতি বা নিয়ম, সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতার নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায্যতা, জবাবদিহিতা নীতিমালা, প্রযুক্তিগত  এবং ডিজিটাল সুরক্ষা এবং লেখায় ডিজিটাল জ্ঞান  বিকাশ করার দক্ষতা বিষয়ে সমৃদ্ধ হবেন।”

বাংলা ভাষায় প্রণীত এই অনলাইন কোর্সটিতে যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী, পেশাদার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক  যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীসহ যেকোন আগ্রহী মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

‘ডেভেলপমেন্ট অব অ্যান অনলাইন প্লাটফরম অন মিডিয়া ল, মিডিয়া এথিক্স এন্ড ডিজিটাল রাইটস/সেফটি’ শীর্ষক প্রকল্পের অধীনে এই কোর্সটি চালু করা হবে।

এ লক্ষ্যে ২০১৮ সালের ডিসেম্বর হতে কোর্স প্রণয়নের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে কর্মশালা, মতবিনিময় ও ওরিয়েন্টশন কর্মসূচি হাতে নিয়েছে আর্টিকেল নাইনটিন।

এর অংশ হিসাবে রোববারের মতবিনিময় সভায় সাংবাদিকতার শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী ও অনলাইন অ্যাকটিভিস্টরা অংশ নেন।

আর্টিকেল নাইনটিনের পরামর্শক রুবায়েত মল্লিকা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আর্টিকেল নাইনটিনের প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ, সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের পরিচালক তৌফিক আহমেদ, স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক ওয়াশিক মোহাম্মদ ইসতিয়াক বক্তব্য দেন।