ঢাকার সিটি নির্বাচন: কাউন্সিলর পদে ১৫৪ জনের ফরম সংগ্রহ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র ফরম বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।
প্রথম দিন বুধবার দুই সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৪টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।
এর মধ্যে ঢাকা উত্তরে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৩৪টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৩টি।
অন্যদিকে ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ১০৯টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে বিতরণ হয়েছে ৮টি।
প্রথম দিনে মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
এই নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি।
এদিকে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার কারণে ঢাকার এই ভোট পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
এই দাবি জানিয়ে বুধবার সিইসিকে চিঠি দেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।
আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা।
