নূরদের উপর হামলার ভিন্ন উদ্দেশ্য দেখছে ঢাবি শিক্ষক সমিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থির করার উদ্দেশ্যেই ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ডাকসু ভবনে নূরের উপর হামলার একদিন পর সোমবার সমিতির এক বিবৃতিতে বলা হয়, “তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক এহেন হামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অপপ্রয়াস। এ ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা ও ভাংচুর সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল।
“এহেন কর্মকাণ্ড শিক্ষার সুষ্ঠু পরিবেশকেই শুধু বিনষ্ট করে না; বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করারও রসদ যোগায় বলে আমরা মনে করি।”
রোববার ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী ভিপি নূর ও তার সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উপর হামলা চালায়। হামলায় আহত নূর এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীদের ভিন্ন উদ্দেশ্যের সন্দেহ ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকও করেছিলেন।
রোববার রাতে নূরকে দেখতে হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “কোন দুষ্কৃতকারীরা, কোন জায়গার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য, শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, সেটা দেখা হবে।”
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, “আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের কোনো দল নেই। গঠিত তদন্ত কমিটি অনতিবিলম্বে প্রকৃত দোষীদের সনাক্ত করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা প্রকাশ করি। একইসঙ্গে আমরা এ সকল সন্ত্রাসীকে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি।”
সেই সঙ্গে ডাকসু ভিপি নুরকেও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।
বিবৃতিতে আরও বলা হয়, “এ ঘটনায় বহিরাগত কারও সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি।”
আরও খবর
