নূরদের ওপর হামলার ঘটনা তদন্তে ঢাবির কমিটি
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর ও তার সঙ্গীদের উপর হামলার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববারের ওই হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে উল্লেখ করা হয়।
“এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হল এবং এর সাথে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ৬-সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কমিটির অন্য সদস্যরা হলেন- শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম।
ঘটনা তদন্ত করে কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচির পর ডাকসু ভবনে নূরদের ওপর হামলা হয়। ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও এই হামলায় দেখা যায়।
হামলায় আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার লাইফ সাপোর্ট খুলে ফারাবীকে নিউরোলজি ওয়ার্ডে নেওয়া হয়। এখন নূর, ফারাবীসহ মোট পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানানোর পর মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।
