‘এক নজরে পুরো জীবনী চোখের সামনে’
বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রামসহ এগিয়ে চলার পরিক্রমা তুলে ধরার পাশাপাশি আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্যের উপস্থাপনায় যে প্রদর্শনী সিআরআই আয়োজন করেছিল, তা দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন তরুণ-তরুণীরা।
শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের একুশতম সম্মেলনে এসে বহু মানুষের চোখ আটকে যায় দলের গবেষণা প্রতিষ্ঠানটির এসব উপস্থাপনায়।
‘ওয়াক উইথ লিডার’, ‘রোড টু টোয়েন্টিফার্স্ট কাউন্সিল’, ‘লাইট আফটার ডার্কনেস’, ‘ফেইস অফ এএলবিডি’, ‘সাতই মার্চ’, ‘এএলবিডি রিজিওনাল ফুটপ্রিন্টস’, ‘এলবিডি-ইনফ্রন্ট অফ আ মিরর’, ‘কুওটস ফর ফিউচার লিডারশিপ’, ‘আ নিউ এরা-পার্ট ওয়ান’ ও ‘আ নিউ এরা- পার্ট-টু’ শিরোনামে ১০টি প্রদর্শনীর মাধ্যমে আওয়ামী লীগ ও এর নেতাদের সম্পর্কে সম্মেলনে আগতদের ধারণা দেয় সিআরআই।
‘আ নিউ এরা-পার্ট ওয়ান’ শিরোনামের প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং ‘আ নিউ এরা-পার্ট টু’ তে বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনী তুলে ধরা হয়।
“সবচাইতে ভালো লেগেছে আমাদের জাতির পিতা ও বর্তমান প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে তৈরি হওয়া দুটি স্থাপনা। এক নজরে পুরো জীবনী চোখের সামনে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের সম্মেলনে আসেন আবু তোরাব পরশ। একটি প্রদর্শনীর দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করা হয়েছিল, “কী দেখছেন?”
জবাবে এই তরুণ বলেন, “আওয়ামী লীগের ইতিহাস দেখছিলাম। আমার মনে হয়, বাংলাদেশের মানুষ যদি আরও একবার আওয়ামী লীগ ও বাংলাদেশের ইতিহাস দেখতে-জানতে চায় তাহলে এটাই সবচাইতে উপযুক্ত সময়। সম্মেলনের স্থাপনাগুলো এক নজর ঘুরে দেখলেই জানা যাবে সবকিছু। আমিও পড়ছি, শিখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, “এবারের সম্মেলনের সবচাইতে দুর্দান্ত বিষয় হচ্ছে এখানে স্থাপিত ঐতিহাসিক স্থাপনাগুলো। সোহরাওয়ার্দী উদ্যান আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সেখানে দাঁড়িয়ে এভাবে বাংলাদেশ এবং আওয়ামী লীগের ইতিহাস জানতে পারা সত্যিই দুর্দান্ত। আমি এখানে আসার পর মুগ্ধ। আমার বিশ্ববিদ্যালয়ের আরও অনেকেই আমার সঙ্গে এখানে এসেছে শুধু ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে।”
এসব প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তিগুলো পড়তে দেখা যায় দলের অনেক নেতাকর্মী ও দর্শনার্থীকে।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবারের সম্মেলনে আয়োজন করে তরুণদের কাছে এরইমধ্যে আকর্ষণীয় হয়ে ওঠা অনুষ্ঠন ‘লেটস টক’-এর।
এই অনুষ্ঠানে যোগ দেওয়া ঢাকা কলেজের ছাত্র চন্দন বিশ্বাস বলেন, “সম্মেলন উপলক্ষে তরুণদের জন্য আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে অংশ নিতে এসেছি আমি। সরাসরি দেশের নীতিনির্ধারকদের সঙ্গে কোনো কিছু আলোচনা করা এবং আমাদের ইচ্ছা, পরামর্শ বা অসুবিধার কথা সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে দুর্দান্ত এক আয়োজন এটি। তরুণদের জন্য আওয়ামী লীগের এ ধরনের ভাবনা আমাদের দেশ নিয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করে।”
এগুলোর বাইরে আওয়ামী লীগের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনীতেও দর্শকের ভিড় ছিল লক্ষণীয়।
