গ্রেপ্তার হয়ে চাকরি হারানোর পর হুজি থেকে আনসারুল্লাহ
কম্পিউটার সায়েন্সে চার বছরের ডিপ্লোমা করে ব্যাংকে চাকরি নিয়ে জঙ্গি গোষ্ঠী হুজিতে সম্পৃক্ত হয়ে গ্রেপ্তার চাকরি হারানোর পর ব্যবসা শুরু করে আরেক জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেন মো. আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান।
৩৮ বছর বয়সী আদনানসহ আনসারুল্লাহর চার সদস্যকে বুধবার রাতে মিরপুরের শাহআলী থানার রাইনখোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
অপর তিনজন হলেন- মেহেদী হাসান শাকিল (২০), আব্দুল্লাহ আল মামুন (১৮) ও নাজমুল হাসান (২৯)।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, এদের কাছ থেকে থেকে বেশ কিছু উগ্র মতবাদের পুস্তিকা ও সংগঠনের প্রচারপত্র পাওয়া গেছে।
তিনি বলেন, আদনান কম্পিউটার সায়েন্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করে একটি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এক পর্যায়ে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য হন। ২০১৫ সালে অন্য জঙ্গিদের সঙ্গে গ্রেপ্তার এবং তার নামে খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
“জেল-হাজত খাটার কারণে ব্যাংক তাকে চাকুরি হতে বরখাস্ত করে। পরবর্তীতে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে যোগদান করে।”
আদনান বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কম্পিউটার সামগ্রীর ব্যবসা করেন জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “সে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মধ্যমে সংগঠনের কার্যক্রম চালাত। তাছাড়া জঙ্গি সংগঠনে আর্থিক সহায়তা দিয়ে আসছে। জঙ্গি কার্যক্রমে জোরালো তৎপরতার কারণে সে আনসারুল্লাহ বাংলা টিমের ঢাকা অঞ্চলের একাংশের শীর্ষ স্থানীয় আমির পদ লাভ করে।”
গ্রেপ্তার মেহেদী হাসান শাকিল ওরফে বাবু প্যারা মেডিকেলের ছাত্র জানিয়ে মোজাম্মেল হক বলেন, “বাবু ছাড়াও একটি মাদ্রাসার আলিমের ছাত্র আব্দুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিত নাজমুল হাসান বিভিন্ন সময় আব্বাস উদ্দিন ওরফে শুকুর আলী নামে এক জঙ্গির মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়।
“তারা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালাত। সেই সাথে সংগঠনকে শক্তিশালী করার জন্য চাঁদা সংগ্রহ করত।”
“এই চারজন জঙ্গি মতবাদ প্রচার এবং নাশকতার মাধ্যমে সরকার উচ্ছেদ করে কথিত খেলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে আসছিল,” বলেন র্যাব কর্মকর্তা মোজাম্মেল।
