২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ বাড়ি মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৪ জানুয়ারি

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় অভিযোগপত্রভুক্ত ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন রেখেছেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 06:55 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

এ মামলার পলাতক আসামি আজাদুল কবিরাজকে আদালতে তলবের জন্য পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তি জমার পর বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত বছরের ৫ ডিসেম্বর ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে আসার পর ১৮ জুলাই বিচারক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে মামলা আমলে নেন।

আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ  (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।

আজাদুল কবিরাজ ছাড়া অপর আসামিদের মধ্যে আব্দুর রউফ ও আবুল কাশেম জামিনে এবং বাকিরা কারাগারে আছেন। এদিন জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দিলেও কারাবন্দীদের হাজির করা হয়নি।

২০১৬ সালের ২৬ জুলাই ভোরে জাহাজ বাড়ি নামে পরিচিত কল্যাণপুরের ৫ নম্বর সড়কের বাড়িটির পঞ্চম তলায় পুলিশের অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, আরেকজন পালিয়ে যায় একজন।

এরা সবাই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৬ (২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় করা মামলায় এই ১০ জনকে আসামি করা হয়।