কর্তব্যপরায়ণতায় স্মরণীয় হয়ে থাকবেন মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতায়’ তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
মঙ্গলবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জয়নুল আবেদীন সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন।”
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মৃত্যু হয় জয়নুল আবেদীনের। ‘বীর বিক্রম’ উপাধি পাওয়া এই সেনা কর্মকর্তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পাওয়া জয়নুল আবেদীন প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১১ সালের ২১ নভেম্বর থেকে। এর আগে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের মহাপরিচালকও ছিলেন তিনি।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতা জেনারেল আবেদীনকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে।”
প্রধানমন্ত্রীর মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
