২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পথশিশুর গায়ে আগুন

রাজধানীর মতিঝিল এলাকায় এক পথশিশুটির গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 02:24 PM

Updated : 08 Apr 2022, 05:12 PM

সেলিম নামে ১১ বছর বয়সী শিশুটিকে সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মতিঝিল এলাকার একজন ভিক্ষুক শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

মতিঝিল থানার পরিদর্শক (অপারেশনস) মো. রফিকুল ইসলাম বলেন, সেলিম ফকিরাপুল এলাকায় ফুটপাতে থাকে, এক নারীকে মা বলে ডাকে।

“ছেলেটি আমাদের বলেছে, সোমবার বিকালে এক রিকশাচালক তার সেই মাকে ‘কু-প্রস্তাব’ দেয়; তার প্রতিবাদ করলে ছেলেটির সাথে রিকশাচালকের তর্কাতর্কি হয়। পরে ছেলেটি কমলাপুর এলাকায় গেলে সেখানে তাকে পেয়ে ওই রিকশাচালক তার শার্টে আগুন লাগিয়ে দেয়।”

মতিঝিল থানার এসআই জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি যে নারীকে মা বলে ডাকত, তার সঙ্গে পুলিশের কথা হয়েছে। তিনিও এক রিকশাচালকের সঙ্গে সেলিমের ঝগড়ার কথা বলেছেন।

“সেই রিকশাচালকের চেহারার বর্ণনা দিয়েছেন ওই নারী। রিকশাচালকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।”

ওই নারীও ফুটপাতে থাকেন জানিয়ে জালাল বলেন, “তার কথা কিছুটা অসংলগ্ন, মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। বাড়ি বলেছে চট্টগ্রামে। সেলিমের কোনো বাবা-মা নেই বলেও সে আমাদের জানিয়েছে।”

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “শিশুটি বর্তমানে বার্ন ইউনিটের এইচডিইউতে ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে।”