ভিডিও এডিটর আতিক হত্যা মামলায় মৃত্যুদণ্ড হাই কোর্টেও বহাল
দশ বছর আগে এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাই কোর্ট।
সাড়ে পাঁচ বছর আগে ২০১৪ সালের ২৪ জুন এ মামলায় ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল একজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স)নিষ্পত্তি ও আসামির আপিল খারিজ করে হাই কোর্ট সেই রায়ই বহাল রেখেছে।
বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া বিচারিক আদালতের রায়ও বহাল রেখেছে হাই কোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ।
সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল শিকদারের ডেথ রেফারেন্স গ্রহণ করে এবং যাবজ্জীবন পাওয়া দুই আসামির আপিল খারিজ করে দিয়েছেন হাই কোর্ট। অর্থাৎ বিচারিক আদালতের দেওয়া দণ্ডই বহাল রেখেছেন হাই কোর্ট।”
২০১৪ সালের ২৪ জুন আতিকুল ইসলাম আতিক হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরুজ্জামান আতিক।
রায়ে আসামি শাকিল শিকদারকে (৩৬) মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন। আর অন্য দুই আসামি আবদুল্লাহ মো. ইবনে আলী নাহিদ (৩৬) ও ফোরকানকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড, সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পলাতক আসামি মো. খোকনকে (৪০) ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাস কারাবাসের আদেশ দেয় বিচারিক আদালত।
এ আসামি আত্মসমর্পণ করে গত দুই বছর ধরে কারাগারে রয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান।
মামলার বিবরণ থেকে জানা যায়, আতিক ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে এনটিভি কার্যালয় থেকে বড় মগবাজার ১৮০/৩ নয়াটোলা বগুড়া গলির বাসায় যাচ্ছিলেন।
মগবাজারের তালতলা গলির ভেতরে ঢোকার পর দণ্ডিত ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা আতিককে গুলি করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
আতিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
পরদিন নিহতের বড় ভাই মো. আবু বকর সিদ্দিক রমনা থানায় এ হত্যা মামলা করেন।
গ্রেপ্তারের পর নাহিদ ও শাকিল হত্যার ঘটনায় নিজেদেরসহ অপর দণ্ডিতদের জড়িয়ে ১৬৪ ধারায় জবানববন্দি দেয়।
