বিমানে দুর্নীতি: দুদকের কৌঁসুলিদের অস্পষ্ট ব্যাখ্যায় পুনঃশুনানি
বিমানের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর তাদের জামিনের শুনানিতে দুদকের কৌঁসুলিরা অভিযোগের আইনগত দিক স্পষ্ট করতে না পারায় অধিকতর শুনানি নিতে যাচ্ছেন বিচারক।
বুধবার দুদফা শুনানিতেও দুদকের কৌঁসুলিদের বক্তব্যে সন্তষ্ট হতে না পারে বৃহম্পতিবার অধিকতর শুনানির দিন রাখেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ।
গ্রেপ্তার দুজন হলেন বাংলাদেশ বিমানের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী আহসান ও সাবেক ব্যবস্থাপক ইফতেখার হোসেন চৌধুরী।
মঙ্গলবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন সংস্থার উপপরিচালক নাসির উদ্দিন। ওই দিন দুপুরেই গ্রেপ্তার করা হয় আলী আহসান ও ইফতেখারকে।
গ্রেপ্তারের পর দুজনই ঢাকার মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু এবিষয়ে আদেশ দেওয়ার এখতিয়ার না থাকায় হাকিম ইলিয়াস মিয়া দুজনকে কারাগারে পাঠান।
বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ফের জামিন আবেদন করেন আলী আহসান ও ইফতেখার।
দুপুর আলী আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন।
তিনি বলেন, আমাদেরকে দাওয়াত করে নিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরও আমাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করল। এটা দুদকের নতুন ট্রেন্ড। আইনের শাসন ও গণতন্ত্রের সুযোগ নিয়ে তারা এই কাজ করেছে। এর আগে এমন ট্রেন্ড ছিলো না।”
তিনি বলেন, অভিযোগ করা হয়েছে আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো শাখায় দায়িত্ব পালনকালে পারস্পরিক যোগসাজশে অবৈধ সুবিধা নিয়ে কার্গো ও মেইল হ্যান্ডলিং চার্জের ১১৮ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৮ টাকা আদায় না করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন।
“১৬ জনের বিরুদ্ধে মামলা, এই দুজনের নাম এজাহারে নেই। এ দুজনকে অতিরিক্ত গ্রেপ্তার করা হয়েছে। আলী আহসান কত টাকা আত্মসাৎ করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। এমনকি যোগসাজশও নেই। আমার আসামি যদি কারাগারে যায়, তবে তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ও কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা যেন দেওয়া হয়।”
জামিনের বিরুদ্ধে দুদকের অন্যতম কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, বিমান কর্তৃপক্ষ অডিট করে অনিয়ম পেয়েছে। ওজনের রেটেই ভাড়া নির্ধারণ করা হয়। আসামিরা ভাড়ার রেটে কারচুপি করে টাকা আত্মসাৎ করেছেন।
তখন বিচারক বলেন, “এজাহারের সঙ্গে সম্পর্কিত ডকুমেন্টস ও আইন দেখান। ১১৮ কোটি টাকার মামলা, অথচ এজাহারের সঙ্গে সমর্থিত কোনো কাগজপত্র নেই।”
এরপর দলিল উপস্থাপনের জন্য সময় দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান বিচারক।
মধ্যাহ্ন বিরতির পর বেলা ৩টায় এই মামলায় জামিন আবেদনের উপর ফের শুনানি হয়।
বিচারক তখন তফসিল ও তফসিল বহির্ভূত মালামাল আনা-নেওয়া ও আমদানি-রপ্তানি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমানের পারস্পরিক সম্পর্ক ও কার্গো হ্যান্ডেলিং নিয়ে বিভিন্ন আইনের ব্যাখ্যা চান।
দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও আদালতে উপস্থিত দুদক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টির পরিষ্কার ব্যাখ্যা করতে না পারায় বিচারক জামিন শুনানির জন্য বৃহস্পতিবার ফের তারিখ রাখেন।
