গুলশান হামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলার বিচারকে বাংলাদেশের জন্য ‘মাইলফলক’ বলেছে যুক্তরাষ্ট্র।
বুধবার বাংলাদেশের আদালতে ওই মামলার রায়ের পর ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক ফেইসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানায়।
বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম ওই জঙ্গি হামলা সংঘটনের দুই বছর পর বিচার শুরু করে তার এক বছরের মধ্যে রায় দিয়েছে আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ওই রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারা সবাই আইএস ভাবাদর্শে গঠিত নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।
২০১৬ সালের হলি আর্টিজান বেকারিতে হামলায় ১৭ বিদেশির সঙ্গে যে তিনজন বাংলাদেশিকে জঙ্গিরা হত্যা করেছিল, তাদের মধ্যে দুজন ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতেন।
রায়ের পর যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “আজকের রায়ে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলকস্বরূপ।”
এই হামলার তদন্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে সহায়তার কথাও বলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
“যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।”
হলি আর্টিজান মামলায় ৭ জঙ্গির ফাঁসির রায়, একজন খালাস বিশ্বের কাছে দ্রুততার সঙ্গে সঠিক বিচারের প্রমাণ: আইনমন্ত্রী |
আলোচিত মামলার রায়ের প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গি হামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে বাংলাদেশ দাঁড়াল।”
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ বলেন, “জঙ্গি নজরদারিতায় আমাদের আইন শৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থা অনেক সক্ষমতা অর্জন করেছে। জঙ্গিবাদ আমরা নির্মূল করতে পারিনি; কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছি।”
জঙ্গিবাদ নির্মূলে সমাজের ভেতরে থাকা উগ্রবাদী চিন্তা উচ্ছেদের উপর জোর দেন তিনি।
