২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলি আর্টিজান রায়ে বিচার ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠিত: কাদের

হলি আর্টিজান মামলায় রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীন বিচার ব্যবস্থা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থা বেড়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2019, 07:45 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

২০১৬ সালের ১ জুলাই ঢাকায় গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জন নিহত হন, যাদের ১৭ জনই বিদেশি। ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সেই সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটে। ঘটনার তিন বছর পর বুধবার নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছে আদালত।

কাদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে জঙ্গিদের যে কোনো নিস্তার নেই, সেটাও প্রমাণিত হয়েছে। এ রায় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের জন্যও একটি অশনিশংকেত। এ রায় বাংলাদেশের জনগণের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করল।”

বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সম্মেলনে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, “দল ভারি করার জন্য খারাপ, সুবিধাবাদী, চাঁদাবাজ দরকার নেই। কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে হবে না। নেত্রী শুদ্ধি অভিযান ঘর থেকে শুরু করেছেন। ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবেন—এটাই শেখ হাসিনার পলিসি।

“আমরা উন্নয়ন করব। আপনারা মানুষকে খুশি রাখবেন। যতই উন্নযন হোক, আচরণ যদি খারাপ হয়, উন্নয়নের মূল্য নেই।”

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অনুষ্ঠানে ছিলেন।

সম্মেলনে গঠিত নতুন কমিটিতে শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করা হয়েছে।

অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, হায়দার গণি খান পলাশ, খয়রাত হোসেন, আব্দুল খালেক, আলী রায়হান ও গোলাম মোস্তফা। যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও জহুরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ। নির্বাহী সদস্য ইসমাত আরা সাদেরক, স্বপন ভট্টাচার্জ, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন ও রণজিৎ রায়।