হলি অর্টিজান মামলার রায় ঘিরে সর্তক পুলিশ
গুলশানের হলি আর্টিজান বেকারি মামলার রায়কে কেন্দ্র করে যে কোনো নাশকতার বিষয়ে ‘সর্বোচ্চ সর্তক’ অবস্থায় রয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও এ বিষয়ে কাজ করছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।
তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ ওই হামলার আলোচিত মামলার রায় হবে বুধবার। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই রায় ঘোষণা করবেন।
‘দায়’ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে রায় আসবে মন্তব্য করে মনিরুল বলেন, “সে দিনের ঘটনায় যার যে ভূমিকা ছিল অর্থাৎ হলি আটিজানের ঘটনার সংগঠনের ক্ষেত্রে পরিকল্পনা কিংবা পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে যাদের যে ভূমিকা ছিল সেটি আমরা চার্জশিটে উল্লেখ করেছি।
“আমরা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতে প্রমাণের চেষ্টা করেছি। আমরা আশা করছি দায়-দায়িত্ব অনুযায়ী প্রত্যাশিত রায় পাব।”
২০১৬ সালের ১ জুলাই গুলশানের ওই রেস্তোরাঁয় ১৭ বিদেশিসহ ২০ জনকে গলাকেটে ও গুলি করে হত্যা করে নব্য জেএমবির জঙ্গিরা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।
পরে কমান্ডো অভিযানে হামলাকারী হিসেবে চিহ্নিত পাঁচ তরুণের সবাই মারা পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে দলটির শীর্ষনেতাদের কয়েক ডজন নেতাকর্মী নিহত হয়।
দুই বছরের বেশি সময় ধরে তদন্তের পর হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। ২০১৮ সালের ২৬ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ওই আট আসামির বিচার শুরুর আদেশ দেয় আদালত।
পুলিশ কর্মকর্তা মনিরুল সংবাদ সম্মেলনে বলেন, “হামলার ব্যাপারে যারা সক্রিয় ছিল তাদের পাঁচ জন ঘটনাস্থলেই মারা গেছে। বাইরে থেকে যারা সক্রিয় ছিল তাদের জীবিত ধরা যায়নি। গ্রেপ্তারকালে নিহত হয়েছে।
“আর যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের পাশাপাশি ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে নিখুঁত এবং বস্তুনিষ্ঠ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।”
এ মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, আসলাম হোসেন ওরফে রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। তারা সবাই বর্তমানে কারাগারে আছেন।
যারা কারাগারে রয়েছে রায়ের দিন তাদের ছিনিয়ে নেওয়া বা রায়কে কেন্দ্র করে কারো কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে মনিরুল বলেন, এ ব্যাপারে যথেষ্ঠ সর্তকতা এবং নজরদারি রয়েছে।
জঙ্গিরা এখন ‘ছোট ছোট সেল’ বানিয়ে কাজ করে মন্তব্য করে মনিরুল বলেন, “তারা ভার্চুয়ালি সক্রিয়। সম্প্রতি পুলিশের ওপর হামলার যে পাঁচটি ঘটনা ঘটেছে তারা পাঁচ জনেরই একটি সেল। এই সেলটি এখন নিস্ক্রিয়। যে দুইজন পলাতক রয়েছে তাদের ছবি আছে; গ্রেপ্তার করার চেষ্টা চলছে।”
