২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের জন্য দুদকে খালেদ

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হয়েছে দুর্নীতি দমন কমিশনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2019, 04:29 PM

Updated : 18 Aug 2022, 06:02 PM

সোমবার বিকালে সেগুন বাগিচায় দুদকে আনার পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন সংস্থার কর্মকর্তারা।

একই অভিযোগের মামলায় এদিন ঠিকাদার জি কে শামীমকেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ। এরপর যুবলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

তখন অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে খালেদের বিরুদ্ধে চারটি মামলা হয়। ওই মামলাগুলোতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে পাঠানো হয়েছিল কারাগারে।

এর মধ্যেই ২১ সেপ্টেম্বর দুদক মামলা করে খালেদের বিরুদ্ধে। ওই মামলায় তাকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আদালত থেকে নেয় দুদক।

সোমবার দুপুর ৩টায় সাদা একটি মাইক্রোবাসে করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের একটি দল খালেদকে নিয়ে আসে। কিছুক্ষণ দুদকের হাজতখানায় রেখে সোয়া ৩টায় তাকে জিজ্ঞাসাোদ কক্ষে নিয়ে যান দুদক কর্মকর্তারা।

Image
গ্রেপ্তার পর আদালতে খালেদ মাহমুদ ভূঁইয়া (ফাইল ছবি)

গ্রেপ্তার পর আদালতে খালেদ মাহমুদ ভূঁইয়া (ফাইল ছবি)

খালেদের বিরুদ্ধে মামলাটি করেছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। মামলায় তার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে আগেও একদিন জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

সোমবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য সকাল সাড়ে ১০টায় তাকে দুদকের কার্যালয়ে নেওয়া হয়। উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন, “জি কে শামীম তার অবৈধ সম্পদের বিষয়ে এখনও খোলামেলা করে কোনো তথ্য দিচ্ছেন না। কৌশলে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।”

জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

পুরনো খবর:

দুদকের মামলায় খালেদ ও শামীম রিমান্ডে