২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় খালেদ ও শামীম রিমান্ডে

ক্যাসিনোকাণ্ডে আলোচিত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 01:21 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন রোববার এক আদেশে দুজনকেই সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এবং যুবলীগ নেতা পরিচয়ে ঠিকাদারি ব্যবসা করে আসা জি কে শামীমকে এদিন আলাদাভাবে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়েছিল দুদক।

দুই মামলাতেই দুদকের পক্ষে রিমান্ড শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

অন্যদিকে খালেদের পক্ষে আইনজীবী মিজানুর রহমান মোল্লা এবং শামীমের পক্ষে গাজী মো. শাহ আলম রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

আদালতে জিকে শামীমের রিমান্ড চেয়ে শুনানিতে দুদক আইনজীবী কাজল বলেন, “এই আসামি জ্ঞাত আয় বহির্ভূত ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখল করছেন। তিনি কীভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন, এই অবৈধ সম্পদের উৎস এবং এতে তাকে আরও কে কে সহযোগিতা করেছে, তা জানা একান্ত প্রয়োজন। যে কারণে তাকে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা মোতাবেক ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”

Image
জি কে শামীমকে তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেপ্তার করা হয় (ফাইল ছবি)

জি কে শামীমকে তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেপ্তার করা হয় (ফাইল ছবি)

এর বিরোধিতা করে জিকে শামীমের আইনজীবী মিজান বলেন, “আমাদের সম্পদের পরিমাণ এক হাজার ১৮৪ কোটি টাকারও বেশি। এই টাকার সম্পত্তির ওপর আমরা প্রায় ৮০ কোটি টাকা ট্যাক্স দিয়েছি। আমরা গত ২৬ বছর ধরে ঠিকাদারি ব্যবসা করছি। সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের হাজার হাজার কোটি টাকার কাজ আমরা করছি।

“আমাদের সম্পত্তি কোনো ক্যাসিনো থেকে হয়নি, বৈধভাবে ঠিকাদারির মাধ্যমে এই সম্পদ হয়েছে। এখানে কোনো অবৈধ সম্পদ বলতে কিছু নেই।”

এর আগে আরও কয়েকটি মামলায় জি কে শামীমকে কয়েক দফা রিমান্ডে নেওয়ার বিষয়টি তুলে তার আইনজীবী বলেন, “ইতোমধ্যে তাকে রিমান্ডে নিয়ে মানসিকসহ অন্যান্য টর্চার করা হয়েছে। তাই নতুন করে কোনো রিমান্ডে নিয়ে আসলে কিছু হবে না। রিমান্ডের কোনো প্রয়োজনই নেই।”

খালেদ মাহমুদকে রিমান্ডে চেয়ে দুদকের আইনজীবী কাজল বলেন, “এই আসামি ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়ে এই মামলা করা হয়েছে।

“তিনি এই অর্থ কীভাবে অর্জন করেছেন এর উৎস এবং জড়িত অন্যান্যদের খুঁজে বের করা প্রয়োজন। এই জন্য তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক।”

Image
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে রোববার ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। তাকে দুদকের মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে।

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে রোববার ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। তাকে দুদকের মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে।

এর বিরোধিতা করে খালেদের আইনজীবী শাহ আলম বলেন, “আমার মক্কেলকে অন্যান্য মামলায় ইতোমধ্যে ২৪ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন তাকে এই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই। যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে কারাফটকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।”

শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে দুই জনকেই সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ খালেদ ও শামীমের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়।

জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন।

‘অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখল করার অভিযোগ আনা হয় সেখানে।

আর খালেদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের আরেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

এই মামলায় খালেদের বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ক্লাবপাড়ায় অভিযান শুরুর প্রথমদিনেই গুলশানের বাসা থেকে খালেদকে ধরা হয়। তার বাসা থেকে পাওয়া যায় ৫৮৫টি ইয়াবা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অবৈধ অস্ত্র।

একই সঙ্গে অভিযান চলে ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে। সেখানে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল আয়োজন; সেইসঙ্গে ২৪ লাখ টাকা।

ওই ঘটনায় অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে খালেদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয় গুলশান থানায়। আর মতিঝিল থানায় মাদক আইনে করা হয় আরেকটি মামলা।

অন্যদিকে জি কে শামীমকে গ্রেপ্তার করা হয় ২০ সেপ্টেম্বর গুলশানের নিকতনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। সেখান থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানায় র‌্যাব। তখন শামীমের সঙ্গে তার সাত দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়।

শামীমের বিরুদ্ধেও মাদক, মুদ্রা পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে।

পুরনো খবর:

খালেদ-শামীমের বিরুদ্ধে দুদকের মামলা
জাল ফেলছে দুদক, লক্ষ্য শাওন-সামশুলসহ অর্ধশত
৩ মামলা দিয়ে জি কে শামীমকে পুলিশে দিল র‌্যাব
যুবলীগ নেতা খালেদ আরও ১০ দিনের রিমান্ডে