২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: আত্মসমর্পণের পর কারাগারে চ্যানেল নাইনের এমডি

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পী আদালতে আত্মসমর্পণ করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 01:47 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বাপ্পী মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক শেখ নাজমুল আলম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদনে করেন আইনজীবী আমিনুল গণী টিটো।

গত ২১ অক্টোবর এনায়েতুর রহমান বাপ্পীকে একই বিচারক দুই বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছিলেন।

দুদকের এ মামলার রায়ে ওইদিন এক নম্বর আসামি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন বিচারক।

এছাড়া মামলার আরেক আসামি গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড এবং ৪০ লাখ টাকা জরিমানা করে আদালত। বাপ্পী ও সাদেককে রায়ে পলাতক দেখানো হয়।

রায় ঘোষণার পর ওইদিনই বিএনপির এমপি হারুনকে কারাগারে পাঠানো হয়েছিল। সোমবার (২৮ অক্টোবর) হাই কোর্ট থেকে ছয় মাসের অন্তবর্তী জামিন পেয়েছেন তিনি। সেই সঙ্গে তার অর্থদণ্ডও স্থগিত করেছে হাই কোর্ট।

বিগত চার দলীয় জোট সরকারের সময় হারুনুর রশীদ সংসদ সদস্য থাকার সময় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রির অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ মার্চ এই মামলা করা হয় ঢাকার তেজগাঁও থানায়।

তদন্ত শেষে ওই বছরের ১৮ জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন।

সেই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত ২০০৭ সালের ২০ আগস্ট তিন আসামির বিচার শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের নেতৃত্বে আছেন।

পুরনো খবর:

শুল্ক ফাঁকি: বিএনপির দণ্ডিত এমপি হারুনকে জামিন দিল হাই কোর্ট