রাব্বানীসহ ছাত্রলীগ নেতাদের ভর্তি নিয়ে ঢাবি একাডেমিক কাউন্সিলে বাক-বিতণ্ডা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষকদের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর এমফিল কোর্সে এবং ছাত্রলীগ নেতাদের সান্ধ্যকালীন কোর্সে পরীক্ষা ছাড়াই ভর্তি নিয়ে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই সভার এক পর্যায়ে ব্যবসায় শিক্ষা অনুষদের একটি সান্ধ্যকালীন কোর্সে ৩৪ জন ছাত্রলীগ নেতার পরীক্ষা ছাড়া ভর্তি এবং রাব্বানীর ‘নিয়ম বহির্ভূতভাবে’ এমফিলে ভর্তির বিষয়টি তোলেন বিএনপি সমর্থক শিক্ষকরা। তারপরই শুরু হয় বাক-বিতণ্ডা।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা ছাড়া ছাত্রলীগ নেতাদের সান্ধ্যকালীন কোর্সে পরীক্ষা ছাড়াই ভর্তি করে তাদের ডাকসুর নেতা নির্বাচিত হওয়ায় সুযোগ করে দেওয়ায় হয় অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে এর আগে বিক্ষোভও হয়েছিল।
একাডেমিক কাউন্সিলে উপস্থিত একাধিক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি-জামায়াত শিক্ষকদের ফোরাম সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম সভার আলোচ্যসূচির বাইরে গিয়ে তার তদন্তের দাবি জানান। তখন আওয়ামী লীগ সমর্থক নীল দলের শিক্ষকদের একটি অংশ তার প্রতিবাদ জানায়। এই নিয়ে দীর্ঘ বাক-বিতণ্ডা চলে। এর মধ্যে নীল দলের শিক্ষক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ভর্তির বিষয়ে অভিযোগের ব্যাখ্যা দেন।
রাব্বানীকে অপরাধ বিজ্ঞান বিভাগের অধীনে এমফিল কোর্সে নিয়ম বহির্ভূতভাবে ভর্তির সুযোগ দেওয়া হয় বলে দাবি করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ওবায়দুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাডেমিক কাউন্সিলের নিয়মিত আলোচ্যসূচির শেষে আমি ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও ৩৪ জন ছাত্রলীগ নেতার অবৈধভাবে ভর্তির বিষয়ে তুলে ধরেছি। আমার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নীল দলের কিছু শিক্ষক সভায় হৈ চৈ শুরু করে।
“তারা বলেন, আমি এখানে রাজনীতি করতে এসেছি। উপাচার্য নিজেও বলেছেন, আমরা অন্য কোথাও রাজনীতিতে না পেরে এখানে এসে রাজনীতি করার চেষ্টা করছি। কিন্তু আলটিমেটলি উপাচার্য নিজেও স্বীকার করেছেন যে, ডাকসুর জিএসের ভর্তি নিয়ম অনুযায়ী হয়নি। এই বিষয়গুলো নিয়ে তদন্ত কমিটি গঠন করার প্রস্তাব দিলেও উপাচার্যের কোনো বক্তব্য আমরা পাইনি।”
এই বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকসু নেতাদের ভর্তির বিষয়ে আমাদের দুয়েকজন সহকর্মী প্রশ্ন তুলেছিলেন। একজন সিনিয়র অধ্যাপক কিছু অসংসদীয় বক্তব্য দিয়েছেন, যেগুলো গ্রহণযোগ্য নয়।
“তবে এই নিয়ে কোনো হট্টগোল হয়নি। একাডেমিক কাউন্সিল সেগুলোর ব্যাখা দিয়েছেন। নিয়মনীতির বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন যে ব্যাখ্যা দিয়েছেন, সকলে তা গ্রহণ করেছে।”
তিনি বলেন, “বিজ্ঞান অনুষদের ডিনকে প্রধান করে গঠিত কমিটি আমাদের সান্ধ্যকালীন ভর্তির নিয়মনীতি নতুন করে প্রণীত করবে। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা শিক্ষার্থীরা সান্ধ্যকালীন মাস্টার্স করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।”
