চরফ্যাশনে এক পরিবারকে ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ
ভোলার চরফ্যাশনের দুলারহাটের এক বাসিন্দাকে তার বসতভিটা থেকে জোর করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. নূর হোসেন এই অভিযোগ করেন।
তিনি বলেন, নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বেআইনিভাবে তাকে উচ্ছেদ করেছেন। উচ্ছেদ হওয়া ৮৭ শতাংশ জায়গায় বসবাসের ঘর, দোকানপাট, পুকুর, গাছপালা ছিল।
তবে চেয়ারম্যান মোস্তাফিজুরের দাবি, আদালতের আদেশে স্থানীয় প্রশাসন ওই উচ্ছেদ অভিযান চালায়।
সংবাদ সম্মেলনে নূর হোসেন বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে এই জায়গায় আমি বসবাস করে আসছি। সেখানে আমার সাতটি ঘর ছিল। এর মধ্যে তিনটি ঘরে দোকান এবং তিনটি ঘর কয়েকটি পরিবারের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। আরেকটা ঘরে আমরা বসবাস করছিলাম।
“হঠাৎ করে গত ৭ সেপ্টম্বর চেয়ারম্যান তার কয়েকশ লোকজন নিয়ে হামলা করে ঘর-বাড়ি ভেঙ্গে নিয়ে যায়। সেই সময় পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর সেখানে নতুন করে ঘর তুলে চেয়ারম্যান তার বাবার নামে এ আলী সুপার মার্কেটের সাইনবোর্ড বসিয়ে দেয়।”
চার মেয়ের জনক নূর হোসেন বলেন, “তারা আমার ঘর-বাড়ির জিনিসপত্র সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এমনকি আমার পুকুরের মাছ, বাড়ি থেকে গাছ-পালা কেটে নিয়ে যায়।”
চেয়ারম্যান মোস্তাফিজুরের দাপটে এলাকাছাড়া হয়েছেন অভিযোগ করে তিনি বলেন, “অবৈধভাবে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হলেও এ বিষয়ে থানায় মামলা করতে যাওয়ার মত পরিস্থিতি ছিল না। তবে আমার মেয়ে জরিনা বেগম থানায় গিয়ে মামলা করতে চাইলে ওসি চেয়ারম্যানের নাম বাদ দিয়ে একটা জিডি হিসেবে গ্রহণ করেছে।”
এ বিষয়ে জানতে দুলারহাট থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উচ্ছেদের কাজটি আদালতের নির্দেশে হয়েছে। ওইদিন আদালতের নাজির উপস্থিত ছিলেন। আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন, পুলিশ সুপার স্যারও বিষয়টি জানেন। তবে আমি তাদের দুই পক্ষের কোনো কাগজপত্র দেখিনি।”
তিনি বলেন, “উচ্ছেদের জায়গার পরিমাণ ও ভাগবাটোয়ারা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়টিও আমাদের দেখার বিষয় না, আদালত দেখবে।”
অভিযোগের বিসয়ে জানতে চাইলে নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “ওই জমিটা নূর হোসেনের বোন রাবেয়া বেগম এবং তার স্বামী আলী আহম্মেদের ছিল। তাদের কাছ থেকে আমি তা কিনে নিয়েছি। কিন্তু এই জমিটা অবৈধভাবে নূর হোসেন দখল করে রেখেছিলেন। এ বিষয়ে আদালতের এক আদেশে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে জায়গাটি আমাকে বুঝিয়ে দেওয়া হয়।”
