২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসপ্রায় ঐতিহ্য লালকুঠিতে ‘কাউন্সিলরের গুদাম’

সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত হলেও অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে পড়েছে লালকুঠি নামে পরিচিত ব্রিটিশ আমলের স্থাপত্য পুরান ঢাকার নর্থব্রুক হল ভবন।

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 06:07 PM

Updated : 10 Oct 2022, 09:27 PM

ঐতিহ্যবাহী স্থাপনাটিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও তার অনুসারীরা ব্যবসায়িক ‘গুদাম’ হিসেবে ব্যবহার করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

ঢাকার ঐহিত্য বিষয়ে গবেষকরা বলছেন, লালকুঠিকে সংস্কার করে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব থাকলেও সিটি করপোরেশন, সরকার বা প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

‘ব্যক্তিগতভাবে লাভবান’ হওয়ার সুযোগ না থাকায় স্থাপনাটি সংরক্ষণে দায়িত্বশীলরা উদাসীন বলে মনে করছেন তারা। দ্রুত সংস্কার না করলে ভবনটি রক্ষা করা যাবে না বলে তাদের আশংকা।

Image
লালকুঠি ভবনের সামনে থেকে সরিয়ে লাইব্রেরির জায়গায় সিলিন্ডার রেখেছেন কাউন্সিলর আরিফ হোসেন ছোটন। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি ভবনের সামনে থেকে সরিয়ে লাইব্রেরির জায়গায় সিলিন্ডার রেখেছেন কাউন্সিলর আরিফ হোসেন ছোটন। ছবি: সাবিকুন্নাহার লিপি

এলাকার এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তি স্বার্থে লালকুঠিকে ব্যবহার করা হচ্ছে। কনস্ট্রাকশনের মালামাল এখানে রাখা হয়। কাউন্সিলরের লোকজন পেছনে জমি দখল করে ব্যবসা করে, সামনে সিলিন্ডারের ব্যবসা। এগুলার গুদাম লালকুঠি।

“লাইব্রেরির সামনের গেট বন্ধ থাকলেও তারা পিছন দিয়ে এটাকে পানির গোডাউন বানিয়েছে, এগুলা টার্মিনালে সাপ্লাই দেয়।”

স্থাপনাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, ‘হেরিটেজ’ হওয়ায় তাদের কিছুই করার নেই। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, ‘হেরিটেজ’ হলেও সিটি কর্পোরেশন স্থাপনাটিকে তাদের কাছে হস্তান্তর করছে না।

Image
লালকুঠি ভবনের প্রাঙ্গণে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারের সরঞ্জাম। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি ভবনের প্রাঙ্গণে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারের সরঞ্জাম। ছবি: সাবিকুন্নাহার লিপি

সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরান ঢাকার ফরাশগঞ্জ রোডে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত নর্থব্রুক হলের মূল ভবনের প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডারের দোকান বসানো হয়েছে: একটি কমিউনিটি সেন্টারের ডেকোরেটর সামগ্রী ও রান্নার জন্য করা হয়েছে আলাদা ঘর।

এছাড়া ভবনের চারপাশে রাখা হয়েছে হকারদের গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লার গাড়িসহ বিভিন্ন গাড়ি; বাঁশ, রডের মতো নির্মাণসামগ্রীও রয়েছে স্তুপাকারে। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ফোয়ারাও নষ্ট হয়ে আছে।

Image
লালকুঠি অটোরিয়ামের ভেতরে সারি সারি জরাজীর্ণ চেয়ার। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি অটোরিয়ামের ভেতরে সারি সারি জরাজীর্ণ চেয়ার। ছবি: সাবিকুন্নাহার লিপি

মূল ভবনের অবস্থা আরও খারাপ। শ্যাওলাপড়া বিবর্ণ দেয়ালের প্লাস্টার, কারুকাজ খসে পড়েছে; ভেঙে পড়েছে দরজা-জানালা। ভেতরে মিলনায়তনের ভেতরেও মজুদ রাখা পুরনো রড।

ভাঙা নাট্যমঞ্চ, ছেঁড়া পর্দা, নষ্ট লাইট-ফ্যান, ভাঙা-নোংরা দর্শকসারি- সব মিলে লালকুঠি মিলনায়তনটি যেন অন্ধকার গুদামঘর। সাজসজ্জার কক্ষও ব্যবহার অনুপযোগী।

লালকুঠির প্রাঙ্গণ ব্যবহার করে সিলিন্ডার রাখার কথা স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেটা তিনি সরিয়ে নিয়েছেন।

এরপর গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, সামনে থেকে সিলিন্ডারের দোকান সরালেও তা স্থানান্তর করা হয়েছে লাইব্রেরির পাশে।

Image
এর আগে লালকুঠি ভবনের প্রাঙ্গণে ছিল তার সিলিন্ডারগুলো। ছবি: সাবিকুন্নাহার লিপি

এর আগে লালকুঠি ভবনের প্রাঙ্গণে ছিল তার সিলিন্ডারগুলো। ছবি: সাবিকুন্নাহার লিপি

১৮৭৪ সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুকের ঢাকা সফর উপলক্ষে ফরাশগঞ্জে স্থানীয় বিশিষ্টজনরা মিলে একটি টাউন হল নির্মাণ করেন, যার নাম দেওয়া হয় নর্থব্রুক হল। লাল রঙা ভবনটি পরে পরিচিতি পায় লালকুঠি নামে।

১৮৮২ সালের হলের দক্ষিণ-পূর্বদিকে একটি পাঠাগার যুক্ত করা হয়। এখানেই সংবর্ধিত হন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের দিন লালকুঠিতেই গঠিত হয় রাজনৈতিক সংগঠন মোহামেডান প্রোভিন্সিয়াল ইউনিয়ন।

গুরুত্বপূর্ণ স্থাপনাটি দীর্ঘদিন ঢাকার সংস্কৃতিচর্চার অন্যতম কেন্দ্র ছিল। ২০০৯ সালের গেজেট অনুযায়ী ঢাকার ৯৩টি হেরিটেজের অন্যতম লালকুঠি ও এর লাইব্রেরি। রাজধানীর অন্যতম পুরনো গ্রন্থাগার ভবনটি এখন ঝুঁকিপূর্ণ।

Image
লালকুঠি লাইব্রেরি ভবনের সামনের চিত্র। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি লাইব্রেরি ভবনের সামনের চিত্র। ছবি: সাবিকুন্নাহার লিপি

পুরনো মূল্যবান বই নষ্ট হয়ে গেছে ছাদ ও দেয়ালের ফাটলচোয়া পানিতে। গ্রন্থাগারটির মাত্র দুটি বইয়ের আলমারি স্থানান্তর করে পাশের মঈনউদ্দীন মেমোরিয়াল হলের একটি কক্ষে নতুন গ্রন্থাগার করা হয়েছে। আরও ১৫টি আলমারি পুরাতন ভবনেই রয়ে গেছে।

ঢাকার ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তৈমুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩০-৪০ বছর ধরে এখানে একের পর এক কনস্ট্রাকশনের কাজ চলছে। ছোট জায়গাটিতে কমিশনারের অফিস, কমিউনিটি সেন্টার, ক্লাব চালানো হচ্ছে। একারণে এখানে অনেক চাপ পড়েছে।

“অথচ লালকুঠির ভবন দুটিকে ঠিক করছে না। একসময় জরাজীর্ণ বানিয়ে ভেঙে অন্যকিছু করবে হয়তো ওরা। এসব শুভ লক্ষণ না। সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃত দায়িত্বে অবহেলা দেখছি। যেভাবে ঐতিহ্যগুলি ধ্বংস করা হচ্ছে, এজন্য ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।”

এসব বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এড়িয়ে গেছেন।

Image
লালকুঠি ভবনের প্রাঙ্গণে বসেছে টং দোকান। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি ভবনের প্রাঙ্গণে বসেছে টং দোকান। ছবি: সাবিকুন্নাহার লিপি

তবে সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নর্থব্রুক ও লাইব্রেরিটা ‘হেরিটেজ’ হওয়ায় সংস্কার, উন্নয়ন করা যাচ্ছে না। অবয়ব পরিবর্তন করতে গেলে প্রত্নতত্ত্ববিদদের আপত্তি থাকে। ফলে প্রত্নতত্ত্ব বিভাগ কিছু করলে করবে।

“আমরা সংস্কারে যাচ্ছি না। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরও জানে অবস্থাটা। একটা জিনিস সংস্কার না করলে অব্যবস্থাপনা তো থাকেই।”

পাঁচ থেকে ছয় মাস আগে নর্থব্রুক হল ও লাইব্রেরিটি হস্তান্তরের জন্য চিঠি দেওয়া হলেও সিটি করপোরেশন কোনো উদ্যোগ নেয়নি বলে পাল্টা অভিযোগ করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়।

Image
লালকুঠি ভবনের প্রাঙ্গণে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারের সরঞ্জাম। ছবি: সাবিকুন্নাহার লিপি

লালকুঠি ভবনের প্রাঙ্গণে রাখা হয়েছে কমিউনিটি সেন্টারের সরঞ্জাম। ছবি: সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে। ওখানে রান্নাসহ যা কিছু হয়, সব সরিয়ে আমাদের কাছে হস্তান্তরের জন্য তাদের চিঠিও দিয়েছি। ওনারা তেমন রেসপন্স করেনি।

“সেখানে কমিউনিটি সেন্টার ভাড়া দিয়েছে, রান্না ঘর- এগুলা না তুললে আমরা কীভাবে সংরক্ষণ করব? এগুলা তো আমরা জোর করে তুলে ফেলতে পারব না। এগুলা তো ওনাদের তুলতে হবে। আমাদের কাছে হস্তান্তর করলে তবে না আমরা সংরক্ষণ করতে পারব।”