২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসিনোর সংখ্যা নিয়ে ‘অনুমাননির্ভর’ কথা: র‌্যাব মহাপরিচালক

রাজধানীতে ক্যাসিনোর সংখ্যা নিয়ে যেসেব তথ্য সংবাদমাধ্যমে আসছে, সেগুলো ‘অনুমাননির্ভর কথা বলে উড়িয়ে দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 08:51 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

তিনি বলেছেন, র‌্যাব ক্যাসিনোর কারবার বন্ধ করতে নেমেছে, সংখ্যা যাই হোক, র‌্যাব সেটা করবে।

শুক্রবার বানানীর নরডিক হোটেলে এক ‘জঙ্গিবাদ দমন’ মহড়া শেষে সাংবাদিকের প্রশ্নে এ বিষয়ে কথা বলেন বেনজীর।

তিনি বলেন, “আমি দয়া করে অনুরোধ করব, কোন ধরনের গুজব ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছনে পড়ে যাক এটা আমরা চাই না।… আমরা দেখছি, অনেক ‍অনুমাননির্ভর কথাবর্তা বলা হচ্ছে, চরিত্রহনন করা হচ্ছে, এগুলো কিন্তু ঠিক না “

এ মাসের মাঝামাঝি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাদের তত্ত্বাবধানে ‘৬০টি ক্যাসিনো চালানোর’ খবর আসে সংবাদমাধ্যমে।

এ নিয়ে আলোচনার মধ্যেই গত ১৮ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন ক্লাবে ও বারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

র‌্যাব মহাপরিচালক বলেন, “আপনারা কেউ বলছেন যে, ঢাকায় ৬০টি ক্যাসিনো আছে, কেউ বলছেন দেড়শ ক্যাসিনো আছে, কেউ বলছেন ছয়শ…. তালিকা কোথায়?”

তাহলে কয়টি ক্যাসিনো আছে জানতে চাইলে বেনজীর বলেন, “আমাদের কাছে যা আছে সে কাজ আমরা করছি। পরিষ্কার স্টেটমেন্ট- আমরা ক্যাসিনো বন্ধ করার অভিযানে নেমেছি, ক্যাসিনোকে আমরা ডিজম্যান্টল করব।

“এই যে অনুমাননির্ভর কথাবার্তা- ৬০, ১৫০, ৬০০ , ১০০০, ঘরে ঘরে…  এগুলো কিন্তু ভালো জিনিস নয়। এতে মূল বিষয় ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি বলেন, “আমরা যদি সেক্টর বাই সেক্টর কাজ করি, লক্ষ্য স্থির করে কাজ করি, তাহলে কিন্তু সবচেয়ে ভালো। এবং দেশবাসী, আপনারা (সাংবাদিক) সঙ্গে আছেন, সবার সমর্থন চাই। প্লিজ ডোন্ট ব্লো আউট অব প্রফেশন, তাতে করে এটার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়।”