২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার বার্ষিক ফোরাম ৩০ সেপ্টেম্বর

কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) ৫৯তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম শুরু হতে যাচ্ছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 10:26 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ’টুওয়ার্ডস এ ডিজিটাল কমনওয়েলথ’ প্রতিপাদ্যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

সিটিও’র সর্বোচ্চ নীতিনির্ধারণী এই সভা নিয়মিতভাবে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

কমনওয়লেথভুক্ত দেশগুলোর সরকার, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, অপারেটর, ইন্ডাস্ট্রিসহ সব অংশীদারদের জন্য গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মের এবারের ফোরামে ডিজিটাল রূপান্তরের জন্য ব্রডব্যান্ড পরিকল্পনা, বৈশ্বিক সেবা তহবিলের পরিবর্তিত ধরন, ওভার দ্য টপ সেবা, তরঙ্গ নিরপেক্ষতার প্রভাব, সাইবার নিরাপত্তা, ডেটা সুরক্ষা নীতিমালা, ব্লক চেইন ও বৈশ্বিক সুবিধা, তরঙ্গ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিতে তারুণ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এই সভার মাধ্যমে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের গুরুত্বের মাত্রা নির্ধারণ, ভবিষৎ কর্মসূচি প্রণয়ন ও সংগঠনের অগ্রগতি পরীক্ষা করে দেখার পাশাপাশি  বিভিন্ন প্রকল্পের আর্থিক ও কৌশলগত বিষয়সমূহের পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং চূড়ান্ত সুপারিশ সদস্য দেশসমূহের নিকট উপস্থাপন করা হয়।

বিটিআরসি তথ্য অনুযায়ী, এই আয়োজনে কমনওয়েলথভুক্ত দেশসমূহ ছাড়াও অন্যান্য দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি, বেসরকারি সংস্থার পদস্থ কর্মকর্তাসহ টেলিকম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রায় আড়াইশ থেকে তিনশ দেশি-বিদেশি  প্রতিনিধি অংশ নেবেন।

আগামী ৩০ সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী বক্তব্য রাখবেন বিটিআরসি’র চেয়ারম্যান মো. জহুরুল হক এবং কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব গিসা ফুয়াতাই পারসেল।

ফোরামের বিভিন্ন কর্ম অধিবেশন এবং কাউন্সিল মিটিং একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সকল কমনওয়েলথভুক্ত সংস্থার মধ্যে সিটিও  সবচেয়ে পুরনো এবং বড় সংস্থা। বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা ৫৩টি। বাংলাদেশ সিটিও’র একটি পূর্ণ সদস্য দেশ।