২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের লোকমান র‌্যাবের জিজ্ঞাসাবাদে

মোহামেডানে ক্যাসিনোর সন্ধান পাওয়ার পর এই ক্রীড়া ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 12:40 AM

Updated : 18 Aug 2022, 05:50 PM

ঢাকার তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বুধবার মধ্যরাতে লোকমানকে তুলে নেওয়া হয় র‌্যাব-২ এর কার্যালয়ে।

রাতে অভিযান শুরুর পর র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যার পর থেকে বাসাটি নজরদারিতে ছিল। কিছুক্ষণ আগে তার বাসায় ঢুকেছি।

ক্যাসিনো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই অভিযান জানিয়ে তিনি বলেন, “তিনি (লোকমান) বাসায় আছেন। তার সাথে আমরা কথা বলছি। এব্যাপারে তার সহযোগিতা চাওয়া হয়েছে।”

রাত পৌনে ১টার দিকে র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকে (লোকমান)  র‌্যাব-২ এ এনে জিজ্ঞাসাবাদ করছি।”

Image
লোকমান হোসেন ভূঁইয়া

লোকমান হোসেন ভূঁইয়া

লোকমানের বাড়িতে অভিযানে ‘কিছু’ পাওয়া গেছে জানালেও কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি এই র‌্যাব কর্মকর্তা।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক।

জুয়ার আখড়া বন্ধে কয়েকটি ক্লাবে র‌্যাবের অভিযানের পর গত রোববার মতিঝিলে মোহামেডান ক্লাবে অভিযান চালায় পুলিশ।

Image
পুলিশের অভিযানে মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

পুলিশের অভিযানে মতিঝিলের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভেতরে পাওয়া যায় জুয়া খেলার সরঞ্জাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ঐতিহ্যবাহী এই ক্লাবে দুটো রুলেট টেবিল, নয়টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের চাকু পাওয়ার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

লোকমান দাবি করে আসছিলেন, ‘রাজনৈতিক চাপের’ মুখে তিনি জুয়ার জন্য ক্লাবের ঘর ভাড়া দিতে বাধ্য হয়েছিলেন।

ক্যাসিনোগুলো পরিচালনার সঙ্গে ক্ষমতাসীন দলের যুব সংগঠন যুবলীগের বিভিন্ন নেতার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। ইতোমধ্যে তাদের কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।

মোহামেডানসহ চার ক্লাবে ক্যাসিনোর সরঞ্জাম

ক্লাবগুলোতে ক্যাসিনো ছিল, কেউ ছিল না  

ফু-ওয়াং ক্লাবে ফের অভিযান

পুলিশ অভিযান চালিয়ে আসার তিন দিন পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ফু ওয়াং ক্লাবে অভিযানে গেছে র‌্যাব।

বুধবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল অভিযান শুরু করেছে।

র‌্যব-১ এর কর্মকর্তা এএসপি সুজয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে এই অভিযান শুরু হয়। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ মদ, বিয়ার পাওয়া যায়।”

রাত সোয়া ১টা নাগাদও ফু-ওয়াং ক্লাবে অভিযানে ছিল র‌্যাব।

এএসপি সুজয় বলেন, “যাদের এখানে পাওয়া গেছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

Image
ফু-ওয়াং ক্লাবে সোমবার বিকালে পুলিশের অভিযান চলে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ফু-ওয়াং ক্লাবে সোমবার বিকালে পুলিশের অভিযান চলে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

গত সোমবার ফু-ওয়াং ক্লাবে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার হাবিবুন্নবী আনিসুর রশিদ জানিয়েছিলেন, ক্লাবটিতে তারা অবৈধ কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাননি।

তিনি বলেছিলেন, “ক্যাসিনো রয়েছে কি না বা সেখানে জুয়া খেলা হয় কি না, সেজন্য আমরা অভিযান চালিয়েছিলাম। কিন্তু সেটা পাইনি। বিধি বহির্ভূত কিছু আমরা সেখানে পাইনি।”

এই পুলিশ কর্মকর্তা বলেছিলেন, ফু-ওয়াং ক্লাবে একটি বার রয়েছে। তবে তারা লাইসেন্স নিয়েই বার চালাচ্ছে।

পুরনো খবর

ফু-ওয়াং, পিয়াসী, গোল্ডেন ড্রাগনে ‘বিধি বহির্ভূত’ কিছু পায়নি পুলিশ  

পুরনো খবর:

মোহামেডানসহ চার ক্লাবে ক্যাসিনোর সরঞ্জাম
ক্লাবগুলোতে ক্যাসিনো ছিল, কেউ ছিল না