২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় পারভেজ রবের মৃত্যু: চালক ও সহকারীর স্বীকারোক্তি

ঢাকার তুরাগ থানা এলাকায় যে বাসটির চাপায় সুরকার পারভেজ রব প্রাণ হারিয়েছেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের সেই বাসটির চালক ও কনডাক্টর আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 08:49 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার চালক মো. সুমন ও কনডাক্টর আকতার হোসেনকে ঢাকার আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রাশেদুল ইসলাম।

ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তার খাসকামরায় আসামি সুমনের এবং মহানগর হাকিম মামুনুর রশীদ আরেক আসামি আকতারের জবানবিন্দ রেকর্ড করেন ।

এরপর দুই বিচারক দুই আসামিকেই কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ জানিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে রাস্তার পাশে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় নিহত হন সুরকার পারভেজ রব।

এই ঘটনায় নিহতের স্ত্রী রুমানা মাহমুদ বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করলেও বাসচালক পালিয়ে যান।

গত ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকা থেকে চালক সুমন এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন দিনারা এলাকা হতে আকতারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কনডাক্টর আকতার বাসটি চালাচ্ছিলেন।

এদিকে পারভেজ রবের মৃত্যুর দু’দিন পর ভিক্টর পরিবহনের আরেকটি বাস পারভেজ রবের ছেলে ইয়াছির আলভী রব ও আলভীর বন্ধু মেহেদী হাসান ছোটনকে চাপা দেয়।

এতে আলভী আহত এবং মেহেদী নিহত হন। তা নিয়ে উত্তরা পশ্চিম থানায়ও আরেকটি মামলা হয়।

পুরনো খবর:

সুরকার রবকে ধাক্কা দেওয়ার সময় বাসটি চালাচ্ছিলেন সহকারী