জামিনের জন্য হাই কোর্টে আবেদন করেছেন বাছির
ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির জামিন চেয়ে আবেদন করেছেন হাই কোর্টে।
রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী এম এম জামাল হোসেন।
বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের অবকাশকালীন বেঞ্চে মঙ্গলবার আবেদনটির শুনানি হতে পারে।
আইনজীবী এম এম জামাল হোসেন বলেন, হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি ফাইল করা হয়েছে। আদালতে উপস্থাপন করে শুনানি করা হবে।
হাই কোর্টে বাছিরের করা জামিন আবেদনের কপি পাওয়া কথা নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি আজ কার্যতালিকায় আসেনি। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত পরশু অর্থাৎ মঙ্গলবারের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছে।”
গত ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ।
তার আগের দিন রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এরপর তাকে রমনা থানায় রেখে ২৩ জুলাই দুপুরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
সাময়িক করখাস্ত ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের খোঁজে দুদক যে অনুসন্ধান করছিল, তার দায়িত্বে ছিলেন এনামুল বাছির।
সে অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান গত ৮ জুন দাবি করেন, বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এর পক্ষে তাদের কথপোকথনের কয়েকটি অডিও ক্লিপও তিনি ফাঁস করে দেন।
ডিআইজি মিজান দাবি করেন, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাছির যে ‘দুর্নীতিগ্রস্ত’, তা প্রমাণ করতেই এই কাজ তিনি করেছেন। অন্যদিকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বাছির ‘সব বানোয়াট’ বলেছিলেন।
আলোচিত ওই ঘটনার পর দুজনকেই সাময়িক বরখাস্ত করে নিজ নিজ প্রতিষ্ঠান। এরপর দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা গত ১৬ জুলাই দু’জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় পুলিশ কর্মকর্তা মিজানকে গ্রেপ্তার দেখিয়েছিল দুদক। যিনি অবৈধ সম্পদ অর্জনের মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন।
