‘প্রতিদিন অপেক্ষায় থাকি, ছেলে বুঝি ফিরে এল’
নিখোঁজ স্বজনদের জন্য বছরের পর বছরের অপেক্ষা-ছুটাছুটিতে ক্লান্ত, বিপর্যস্ত। তবু প্রতি মুহূর্তে এক বুক আশা নিয়ে বেঁচে থাকেন: এই বুঝি ফিরে এলো ‘গুম’ হওয়া প্রিয়জন।
ছেলের অপেক্ষায় থাকা মা-বাবা, স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় সন্তান ও ভাইয়ের অপেক্ষায় সহোদর-সহোদরাসহ এসব স্বজনরা চোখের জলে, আর্তনাদে, বুক ফাটা কান্নায় প্রিয়জনকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন।
শুক্রবার আন্তর্জাতিক গুম দিবসে তারা জাতীয় প্রেস ক্লাবে ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে’ এক আলোচনা সভায় সমবেত হয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ কামনা করেছেন।
নিখোঁজ স্বজনদের ছোট-বড় ছবি, ব্যানার নিয়ে তাদের পরিবারের সদস্যরা সভায় উপস্থিত হন; এতে পরিবারের শিশুরাও অংশ নেয় বড়দের সাথে।
ছয় বছর আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া রনি চৌধুরীর সন্ধানের আকুতি জানিয়ে তার মা আঞ্জুমানারা বেগম বলেন, তার ছেলেকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা।
“ছেলের খোঁজে কত মানুষের কাছে গিয়েছি তা বলে শেষ করতে পারব না। প্রতিদিন অপেক্ষায় থাকি, আমার ছেলে এই তো বোধ হয় এসে গেল! এভাবে আর কত দিন?”
তিনি বলেন, “আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। তারপরও স্থানীয় থানার এক এসআই আমার ছেলেকে তুলে নিয়ে গুম করেছে।”
ছেলেকে ফিরে পেতে ও ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করলেও কোনো সুরাহা কেউ দেয়নি। ছেলের জন্য আর কতকাল অপেক্ষায় থাকতে হবে, প্রশ্ন তার।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ২০১৫ সালের ২১ অগাস্ট নিখোঁজ হন। সাজ্জাদের স্ত্রী ও কন্যাসহ সভায় উপস্থিত ছিলেন তার মা সাহিদা বেগম।
“আমার ছেলে কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, তাতে আমার আপত্তি নেই। তারপরও আমার ছেলেকে আপনারা ফিরিয়ে দেন।”
সাড়ে তিন বছর ধরে নিখোঁজ রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন তপু। তার মা সালেহা বেগমের অভিযোগ, স্থানীয় যুবলীগের নেতারা প্রশাসনকে ব্যবহার করে সাজ্জাদকে গুম করেছে।
তিনি বলেন, বছরের পর বছর ছেলেকে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তারপরও ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন অপেক্ষায় থাকেন।
রাজধানীর তেঁজগাঁও থেকে ছয় বছর আগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ১২ বছরের মেয়ে রাইতা ইসলাম বলেন, “আমার বয়স যখন ছয় বছর তখন বাবা গুম হন। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি বড় হচ্ছি।
“বাবার জন্য আর কত বছর অপেক্ষা করব?”
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াস বলেন, “দীর্ঘ সাত বছর ধরে বাবার কোনো খোঁজ পাচ্ছি না। আমার মা এখন অসুস্থ হয়ে পড়েছেন।
“বাবা গুম হওয়ার পর থেকে আমাদের মধ্যে জন্মদিন বা ঈদের দিন বলে কিছু থাকে না, এসব দিন আরও দুঃখের দিন হয়ে দাঁড়ায়।”
বংশালের ছাত্রদল নেতা পারভেজ হোসেন ২০১৩ সালে নিখোঁজ হয়েছিলেন। তার সাত বছরের মেয়ে হৃদি হোসেন এক আত্মীয়ের কোলে উঠে মাইক্রোফোনের সামনে বলেন, “পাপার বুকে আমি ঘুমাতে চাই। পাপা তো আসে না। প্রতিদিন আমি পাপার জন্য অপেক্ষায় থাকি। কোথায় গিয়েছে পাপা?”
তার বোন সুভদ্রা চাকমা বলেন, “আমার ভাইকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তারা আটকের বিষয়টি স্বীকার করলেও পরে তা অস্বীকার করে।”
নিখোঁজদের স্বজনদের মধ্যে শুরুতেই মঞ্চে আসেন কিশোরগঞ্জের বাতিজপুরের নাসরিন জাহান স্মৃতি। গত ১৯ জুন রাজধানীর মিরপুর থেকে স্বামী ইসমাইল হোসেন নিখোঁজ হন।
নাসরিনের অভিযোগ, পূর্বশ্রুতার জের ধরে র্যাবের এক সদস্য তার স্বামীকে গুম করেছেন।
নিখোঁজদের স্বজনরা মিলে ২০১৪ সালে ‘মায়ের ডাক’ নামে এসংগঠন তৈরি করেছিলেন। বিএনপি নেতা সুমনের মা হাজেরা বেগম এর নেতৃত্বে আছেন। তিনি অসুস্থ থাকায় তার মেয়ে মারুফা ইসলাম ফেরদৌসী সভায় সভাপতিত্ব করেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও অধ্যাপক আকমল হোসেন বক্তব্য দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এক জরিপের তথ্য তুলে ধরে বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে ৫২৬ জন নিখোঁজ হয়েছেন।
২০১০ সালে গুম প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক কনভেনশন জাতিসংঘে পাস হওয়ার পরের বছর থেকে ৩০ অগাস্টকে বিশ্বব্যাপী গুমের শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়।
