২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ কোটি টাকা পাচারের মামলা পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে

দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ২২ লাখ টাকা অর্জন এবং তা পাচারের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 08:38 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

আসামি রবিউল হোসাইন পিডিবির রংপুর আঞ্চলিক হিসাব দপ্তরের উপ-পরিচালক হিসেবে কর্মরত। তিনি তার আগে বোর্ডের দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক ছিলেন।

সোমবার দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, রবিউল ২০১০ সালের মার্চ থেকে ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত দিনাজপুরে কর্মরত অবস্থায় দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেন।

“এ সময়ের মধ্যে তিনি বাংলাদেশ কমার্স ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও স্টান্ডার্ড ব্যাংক দিনাজপুর শাখায় ২০টি এফডিআর, এমএসডি, এমটিডি ও সঞ্চয়ী হিসাব খুলে চার কোটি ২১ লাখ ৯২ হাজার ১৮০ টাকা জমা করেন। পরবর্তীতে এসব টাকা অন্যত্র সরিয়ে নেন।”

রবিউল রংপুরের বদরগঞ্জের আমরুল বাড়ি গ্রামের মৃত মো. জমির উদ্দিনের ছেলে।

তিনি ১৯৯৪ সালের পিডিবির প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৯ সালে তিনি পদোন্নতি পেয়ে উপ-পরিচালক হন।