২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্নির জামিন হল না, আবেদন ফেরত নিলেন আইনজীবী

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন হাই কোর্টের একটি বেঞ্চ থেকে ফিরিয়ে নিয়েছেন তার আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2019, 04:48 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে আংশিক শুনানির পর জামিন পাওয়ার আশা না দেখে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আবেদন ফিরিয়ে নেন।

শুনানির শুরুতে জেড আই খান পান্না জামিন দেওয়ার পক্ষে যুক্তিগুলো আদালতের সামনে তুলে ধরেন। পরে রাষ্ট্রপক্ষে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির শুনানি শুরু করেন।

পান্নার সঙ্গে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। অন্যদিকে মোমতাজ উদ্দিনের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

শুনানিতে মোমতাজ উদ্দিন ফকির মিন্নির জামিনের বিরোধিতা করে বলেন, হত্যাকাণ্ডের আগে পরে এ মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ডের সঙ্গে মোবাইল ফোনে মিন্নির কথোপকথনের রেকর্ড, হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও, রিফাত শরীফের অগে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের কাবিননামা এবং মিন্নিসহ অন্য আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমলে নিয়ে বরগুনার আদালত জামিন নামঞ্জুর করেছেন।

“আমি মনে করি জামিন নামঞ্জুর হওয়ার জন্য এই চারটি বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়েছে।”

এরপর আদালত ফৌজদারী কার্যবিধির জামিন-অযোগ্য অপরাধের ক্ষেত্রে কোন কোন বিষয়ে জামিন মঞ্জুর করা যায়, সে সংক্রান্ত ৪৯৭ ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে।

সিই ধারায় বলা হয়েছে, ‘তবে শর্ত থাকে যে, এইরূপ অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি ষোলো বৎসরের নিম্ন বয়স্ক বা স্ত্রীলোক বা পীড়িত বা অক্ষম হইলে আদালত তাহাকে জামিনে মুক্তি দিবার নির্দেশ দিতে পারিবেন।’

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, “এতক্ষণ মিন্নির প্রেমের কথা বলা হয়েছে, বিয়ের কথা বলা হয়েছে, কিন্তু কীভাবে হত্যাকাণ্ডটি হল সেটা বলা হল না।”

এ পর্যায়ে হাই কোর্ট বেঞ্চ জানতে চায়, হাকিম আদালতে ১৬৪ ধারায় মিন্নি ও অন্যান্য আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি আসামিপক্ষের হাতে আছে কি না।

জেড আই খান পান্না তখন বলেন, জবানবন্দির কপি তাদের হাতে নেই, তাদের তা দেওয়া হয়নি।

বিচারক তখন বলেন, “আমরা একটা রুল (জামিন প্রশ্নে) দিই। আপনারা জবানবন্দির কপি নিয়ে আসেন।”

জেড আই খান পান্না তখন বলেন, “না দিলে আমরা কী করব?

তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “আপনাদের ১৬৪ ধারা দেখতে হবে। না হলে হবে না। মহিলা হিসেবে জামিন পাওয়ার একটা গ্রাউন্ড আছে। কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি লাগবে।  

মিন্নির আইনজীবী এ সময় বলেন, “আমরা রুল চাই না, জামিন চাই।”

কিন্তু বিচারক তাকে জানিয়ে দেন, জবানবন্দির কপি দাখিল না করলে জামিন হবে না।

জেড আই খান পান্না এ পর্যায়ে আদালতের কাছে জামিন আবেদন ফিরিয়ে নেওয়ার কথা বলেন।

মিন্নির এ আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, হাই কোর্ট জামিন না দেওয়ায় তারা ‘মর্মাহত’।

“মামলাটি ধ্বংস করার জন্য এই মামলার একমাত্র চাক্ষুস সাক্ষী ও এক নম্বর সাক্ষীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ এজাহারভুক্ত অন্য আসামিদের ধরতে তৎপর না, বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি এসেছে। বিষয়টি আমরা আদালতের কাছে তুলে ধরে বলেছি, মিন্নি একজন ১৯ বছর বয়সী কিশোরী। তিনি জামিন পেতে পারেন।” 

রুল না নিয়ে কেন আবেদন ফেরত আনা হয়েছে জানতে চাইলে এ আইনজীবী বলেন, “রুল দিলে অনেক সময়ের বিষয়। ১৬৪ পেলে আমরা আবার জামিন চাইব। ১৬৪ না দিলে দরকার হলে আমরা লিগ্যাল নোটিস পাঠিয়ে চাইব। যদি না দেয় তাহলে আবার আমরা আদালতের কাছে যাব। এটা পাবলিক ডকুমেন্ট। ”

মিন্নির স্বামী রিফাতকে গত ২৬ জুন বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।

পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন; তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে।

সম্প্রতি মিন্নির শ্বশুর তার ছেলের হত্যাকাণ্ডে পত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে আলোচনা নতুন দিকে মোড় নেয়।

গত ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন আদালতে হাজির করা হলে বিচারক মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ডের তৃতীয় দিন শেষে মিন্নিকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।

তবে বরগুনা সরকারি কলেজের এই স্নাতকের ছাত্রী ইতোমধ্যে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে।

তার বাবার অভিযোগ, নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে মিন্নিকে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে’ পুলিশ। এর পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের হাত আছে বলেও তার দাবি।

বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এবং জেলা ও দয়েরা জজ আদালতে মিন্নির জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবীরা। কিন্তু তাতেও তারা ব্যর্থ হওয়ায় ঈদের আগে মিন্নির জামিন আওয়ার আর কোনো আশা থাকছে না।

পুরনো খবর:

হাই কোর্টে মিন্নির জামিন আবেদন
জজ আদালতেও মিন্নির জামিন নাকচ
রিফাত হত্যার আসামি নয়ন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
স্ত্রীর বর্ণনায় রিফাত হত্যাকাণ্ড
মিন্নিকে নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে: বাবা
রিফাত হত্যায় মিন্নির ‘দোষ স্বীকার’, নির্যাতনের অভিযোগ বাবার
রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নির জামিন নাকচ