হাই কোর্টে মিন্নির জামিন আবেদন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন তার আইনজীবীরা।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ জামিন আবেদনটি ফাইল করা হয়েছে।”
মিন্নির আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, “কাল বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চে শুনানি হবে।”
মিন্নির অপর আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।
আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করে আইনজীবী জেড আই খান পান্না বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। এ মামলায় মিন্নি চাক্ষুস সাক্ষী, অথচ মামলার ১২ নম্বর আসামির বক্তব্যের প্রেক্ষিতে তাকে আসামি করা হয়েছে। অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ মামলা।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম এ সময় আদালতের কাছে সময়ের আবেদন করে বলেন, এ মামলায় অ্যাটর্নি জেনারেল নিজে শুনানি করবেন। এজন্য সময় প্রয়োজন।
এরপর আদালত মঙ্গলবার জামিন আবেদনটি শুনানির জন্য রাখে।
এর অগে কি যুক্তিতে মিন্নির জামিন চাওয়া হয়েছে জানতে চাইলে জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, “প্রথমত তিনি একজন নারী এবং তিনি অসুস্থ। তাছাড়া ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় তার জামিন পাওয়ার অধিকার আছে। আর তিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার ও আসামি করা হয়েছে।”
গত ২৬ জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।
পরদিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনকে আসামি করে একটি মামলা করেন; তাতে প্রধান সাক্ষী করা হয়েছিল মিন্নিকে।
সম্প্রতি মিন্নির শ্বশুর তার ছেলের হত্যাকাণ্ডে পত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করলে আলোচনা নতুন দিকে মোড় নেয়।
গত ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন আদালতে হাজির করা হলে বিচারক মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ডের তৃতীয় দিন শেষে মিন্নিকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।
তবে বরগুনা সরকারি কলেজের এই স্নাতকের ছাত্রী ইতোমধ্যে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে।
তার বাবার অভিযোগ, নির্যাতন করে ও ভয়ভীতি দেখিয়ে মিন্নিকে ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে’ পুলিশ। এর পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের হাত আছে বলেও তার দাবি।
বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এবং জেলা ও দয়েরা জজ আদালতে মিন্নির জামিন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর এখন হাই কোর্টের দ্বারস্থ হলেন তার আইনজীবীরা।
